২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পিলখানায় অস্ত্র সমর্পণ ছিল লোক দেখানো’

পিলখানা হত্যা মামলায় জবানবন্দি দেওয়ার পর এ কথা বলেছেন সাবেক পুলিশপ্রধান নূর মোহাম্মদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 02:09 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি মধ্যরাতে পিলখানায় ভেতরে জওয়ানদের অস্ত্র সমর্পণ লোক দেখানো ছিল বলে জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ। পিলখানা হত্যা মামলায় জবানবন্দি শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। সোমবার পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকার আদালতের বিশেষ এজলাসে নিজের জবানবন্দি তুলে ধরার পর তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম, শামীম সরদার ও ফারুক আহমেদ। নূর মোহাম্মদ ছাড়াও আদালতে এদিন সাক্ষ্য দেন নিহত সেনাকর্মকর্তাদের ডিএনএ পরীক্ষক ডা. শরীফ আকতারুজ্জামান, তার দুই সহযোগী আহমেদ ফেরদৌস ও ইউনুস আলী। আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। এছাড়া ৩২ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী মেজিস্ট্রেট শামীমা পারভীনও তার সাক্ষ্য প্রদান করেন। শামীমা পরভীনের জবানবন্দি অসম্পূর্ণ অবস্থায় মহানগর দায়রা জজ জহুরুল হক আগামী ৮ অগাস্ট পর্যন্ত আদালত মুলতবি করেন। সাক্ষ্য ও জেরা শেষে আদালতের বাইরে নূর মোহাম্মদ সাংবাদিকদের বলেন, “২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামসহ আমরা যখন পিলখানার ভেতরে যাই তখন তারা গাইড দিয়ে আমাদের প্যারেড গ্রাউন্ডে নিয়ে যায়। সেখানে কয়েকজন জওয়ান বক্তব্য দেন। এ সময় তাদের দেখে মনে হচ্ছিল তারা নেতৃত্বহীন।” জওয়ানদের অস্ত্র সমর্পণের বিষয়ে সাবেক আইজি বলেন, “আলোচনার এক পর্যায়ে জওয়ানরা জানিয়ে দেয় দাবি না মানা পর্যন্ত তারা অস্ত্র সমর্পণ করবে না। পরে তাদের বোঝানো হয়। কিন্তু তারা কোনোভাবেই তা মানতে রাজি হয়নি।” তবে এরপরও জওয়ানরা কেনো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র সমর্পণ করলেন- এমন প্রশ্নের জবাবে নূর মোহাম্মদ বলেন, “ওটা ছিলো লোক দেখানো অস্ত্র সমর্পণ।” এর আগে জেরায় আসামি পক্ষের এক আইনজীবী নূর মোহাম্মদের কাছে জানতে চান, সরকারি কোন দায়িত্বশীল ব্যাক্তি বা সরকারি কর্মকর্তা না হওয়া সত্ত্বেও স্বরাষ্ট্র মন্ত্রীর ভাগ্নে সারোয়ার তার সঙ্গে পিলখানায় গিয়েছিলেন কিনা। জবাবে তিনি হ্যাঁ সূচক মন্তব্য করেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, সারোয়ার রাজনৈতিক ব্যক্তি কিনা সেটা তার জানা নেই। নূর মোহাম্মদের মেয়ে জামাই ক্যাপ্টেন মাজহার বিডিআরের তৎকালীন মহাপরিচালক সাকিল আহমেদের এডিসি ছিলেন। তিনিও সেসময় নিহত হন। সাবেক আইজি জানান, তার মেয়ে জামাইয়ের সঙ্গে সকাল সাড়ে ৯টার থেকে ১০টার মধ্যে দুইবার কথা হয়েছে। এ সময় সাকিল আহমেদ বেঁচে ছিলেন। মেয়ে জামাই ক্যাপ্টেন মাজহার তাকে জানিয়েছিলেন মহাপরিচালককে একজন গুলি করতে চেয়েছিলো। কথা বলার সময় ক্যাপ্টেন মাজহার সাহায্য চেয়েছিলেন কিনা- এমন প্রশ্নের জবাবে নূর মোহাম্মদ না সূচক জবাব দেন। জেরার আগে নূর মোহাম্মদ তার সাক্ষ্যে বলেন, ২৫ ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তরে কাজ করার সময় তিনি পিলখানায় গ-গোলের খবর পান। এরপরেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়। পরে পুলিশ কমিশনার, র‌্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পিলখানার চারপাশে র‌্যাব- পুলিশ মোতায়েন করা হয়। নূর মোহাম্মদ বলেন, “পুলিশ কন্ট্রোল রুম, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হয়ে সন্ধ্যার দিকে তারা পিলখানার সামনে পৌঁছেন। সেখানে অবস্থানকালে রাত ১২টার দিকে জওয়ানরা আত্মসমর্পণ করতে রাজি হয়। পরে রাত ১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজন পিলখানার ভেতরে যাই। পিলখানার ভেতরে জওয়ানদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইন প্রতিমন্ত্রী বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তারা না বুঝে সময়ক্ষেপণ করেন। তাদের হাতে অস্ত্র থাকায় এবং অবস্থা গুরুতর হওয়ায় কোন প্রকার চাপ দেওয়াও যাচ্ছিল না। “পরে তাদের বুঝিয়ে বিভিন্ন কোয়ার্টারে- ফ্ল্যাটে যাই। সেখানে যারা আছেন তাদের ভীত সন্ত্রস্ত্র অবস্থায় উদ্ধার করি। পরে অফিসার্স মেসে গিয়ে মেয়েকে উদ্ধার করা হয়।” এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভোর ৪টার দিকে পিলখানা থেকে বের হওয়ার পর ২৬ ফেব্রুয়ারি বেলা ১২ পর্যন্ত পিলখানার সামনেই ছিলেন। সরকার পক্ষের কৌশলী মোশাররফ হোসেন কাজল পরে সাংবাদিকদের জানান, পরবর্তী তারিখে সংসদ সদস্য মীর্জা আজম বা র‌্যাবের সাবেক প্রধান বর্তমান পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার সাক্ষী হিসাবে জবানবন্দি দিতে পারেন। এর আগে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন গত ১ অগাস্ট এ মামলায় সাক্ষ্য দিয়েছেন। ওই দিন তাকে আসামি পক্ষের আইনজীবীরা জেরা করেন। গত ২ জুলাই এ মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবেদিন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বর্তমানে মরক্কোর রাষ্ট্রদূত নূর মোহাম্মদ এবং লে. কর্নেল জাহান আরা বেগমকে তলব করেন অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আকতারুজ্জামান। এছাড়া নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহিরউদ্দিন আহমেদ ও বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল শাহ মোহাম্মদ জিয়াউর রহমানও এ মামলায় সাক্ষ্য দিয়েছেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। রক্তাক্ত বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনীর নাম বদলে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বিদ্রোহের ঘটনায় বাহিনীর নিজস্ব আইনে এবং হত্যার ঘটনায় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এই বিচার চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/১৯৫৩ ঘ.