শাহজালাল বিশ্ববিদ্যালয়, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে স্মরণ করেছেন তার পরিবারের সদস্য ও শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত এ স্মরণসভায় প্রয়াত এই লেখকের পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়লে শোকের এক আবহ ছড়িয়ে পড়ে গোটা মিলনায়তনেই।
সোমবার সকাল ১১টায় শোকসঙ্গীতের মধ্যদিয়ে শুরু হওয়া চার ঘণ্টার এ স্মরণসভায় হুমায়ূন-অনুরাগী অনেক তরুণ মিলনায়তনে ঠাঁই না পেয়ে বাইরে দাঁড়িয়ে প্রয়াত এই লেখকের প্রতি শ্রদ্ধা জানান।
স্মরণসভায় লেখকের ছোট ভাই অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, “হুমায়ূন লিখে লিখে স্বপ্নের সেতু রচনা করেছেন। যিনি এদেশের একটা প্রজন্ম নয়, কয়েকটা প্রজন্মকে বড় করেছেন।
“বাংলাদেশের ইতিহাসে যে একজন বড়মাপের লেখক তৈরি হয়েছে তা প্রথম আমিই বুঝতে পেরেছি, কারণ আমিই তার লেখার প্রথম পাঠক।”
বাবাকে স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত মেজ মেয়ে শীলা আহমেদ বলেন, “লেখক বাবার মেয়ে হয়ে জন্ম নেওয়া যে কতটা গর্বের তা আজ আমরা ভাইবোনরা বুঝতে পারছি।”
এ সময় সেখানে দর্শক সারিতে বসা হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ, সাবেক স্ত্রী গুলতেকিন খান, ছোট মেয়ে বিপাশা আহমেদ, হুমায়ূন আহমেদের তিন বোন, খালাসহ পরিবারের সদস্যরাও আবেগতাড়িত হয়ে পাড়েন।
বিশ্ববিদ্যালয়ের ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ উদ্দিন।
এছাড়াও লেখক আনিসুল হক, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যাক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার দাস, লেখকের ভ্রাতৃবধূ ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ইয়াসমিন হক, কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা হুমায়ূনের জীবন ও কর্মের বিভিন্ন দিকের ওপর আলোকপাত করেন।
শাবি উপাচার্য অধ্যাপক সালেহ উদ্দিন বলেন, হুমায়ূন আহমেদ শুধুমাত্র নাটক-সিনেমায় চরিত্র সৃষ্টি করেননি, দেশের অনেক প্রতিভাবান শিল্পী তার হাত ধরে বিখ্যাত হয়েছেন।
আনিসুল হক বলেন, হুমায়ূন আহমেদ বর্ণহীন জীবনকে রঙিন করেছেন, নিরানন্দ জীবনকে আনন্দময় করেছেন।
গত ১৯ জুলাই রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ূন আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৯৪৫ ঘ.
bdnews24