গাজীপুর, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ বোনাসের দাবিতে গাজীপুরে দু’টি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ২০জন আহত হয়।
সোমবার কালিয়াকৈর উপজেলার পুর্বচান্দরা এলাকায় এপেক্স হোল্ডিং লিমিটেড ও টঙ্গীতে পার্ল প্রিন্স তৈরি পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করে। পরে আশ্বাস পেয়ে আন্দোলন বন্ধ করে শ্রমিকরা।
শিল্প পুলিশের গাজীপুর জোন-২ এর এএসআই কাজী শাওন জানান, বেসিক মজুরির সম-পরিমান বোনাসের দাবিতে এপেক্সের শ্রমিকরা বিক্ষোভ করে।
শ্রমিকদের বোনাস হিসেবে বেসিক মজুরির অর্ধেকের সমান টাকা দিয়ে আসছিল।
তিনি জানান, সকালে ওই কারখানার প্রায় ১৫ হাজার শ্রমিক ঈদ ও হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ করে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে।
এ পর্যায়ে কারখানার প্রশাসনিক ভবন, শ্রমিক ইউনিয়ন অফিস, কয়েকটি যানবাহন, কারখানার বিভিন্ন সেকশনে ভাংচুর চালায় এবং কারখানার বাইরে এসে বিক্ষোভ শুরু করে তারা।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে।
এতে মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম, কনস্টেবল আ. জব্বার, কারখানার শ্রমিকনেতা সামছুল আলম সরকারসহ কমপক্ষে ২০জন আহত হন।
এসআই সাইফুলকে গাজীপুর সদর হাসপাতাল ও অন্যদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয় হয়েছে বলে জানান তিনি।
পরে দুপুর ২টার দিকে পুলিশ কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
এপেক্স-এর এজিএম (এডমিন) আনম জাহিদ সাংবাদিকদের জানান, শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে সোমবারের জন্য কারখানাটিতে ছুটি ঘোষণা করা হয়েছে।
অপর দিকে, ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে টঙ্গীর চেরাগ আলী মার্কেটের বেক্সিমকো রোড এলাকায় পার্ল প্রিন্স অ্যাপারেলস কারখানার শ্রমিকরা সোমবার দুপুরে কর্মবিরতি ও বিক্ষোভ করে।
টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, দুপুর সোয়া তিনটার দিকে কারখানা থেকে বেরিয়ে ঢাকা-ময়মনসিং মহাসড়ক শ্রমিকরা অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাধে।
লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
বিকাল চারটার দিকে ওই মহাসড়কে যান চলাচল শুরু হয়।
মঙ্গলবার কারখানা র্কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের দাবি নিয়ে আলোচনার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয় বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮০৫ ঘ.
bdnews24