২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তিনটি কারখানাকে জরিমানা

চট্টগ্রামে অবৈধভাবে বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ইনস্টিটিউটের (বিএসটিআই) মানচিহ্ন ব্যবহার এবং নোংরা পরিবেশে মসলা প্রস্তুতের অপরাধে তিনটি কারখানাকে ৯৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 11:19 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে অবৈধভাবে বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ইনস্টিটিউটের (বিএসটিআই) মানচিহ্ন ব্যবহার এবং নোংরা পরিবেশে মসলা প্রস্তুতের অপরাধে তিনটি কারখানাকে ৯৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মসলায় নিষিদ্ধ রঙ মেশানোর অপরাধে অপর আরেকটি কারখানা সিলগালা করে দেওয়া হয়। সোমবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবদীন এ জরিমানা করেন। বিএসটিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর বিবিরিহাট এলাকায় মেসার্স আকতার হোসেন মরিচের কল ও মেসার্স হরিণ মার্কা মসলা প্রোডাক্টসকে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহারের অপরাধে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকার মেসার্স উট মার্কা মসলা ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে হলুদ, মরিচ ও ধনিয়া উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই ভ্রাম্যমাণ আদালত নগরীর বক্সিরহাট এলাকার একটি দোকানকে মাছ, মাংস ও মুরগি ওজনে কম দেওয়ার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করে। এদিকে মসলায় রঙ মেশানোর অপরাধে বিবিরহাট এলাকার মোহাম্মদ ইব্রাহিমের মসলা ফ্যাক্টরি সিলগালা করা হয়েছে। এছাড়া মিক্স ফুট ড্রিংকসে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহারের অপরাধে অপর একটি ভ্রাম্যমাণ আদালত রাউজান উপজেলার লক্ষীপুর ডিপার্টমেন্টাল স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৭১৮ ঘ.