চট্টগ্রাম, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের যাত্রীবাহী একটি ট্রলার ছিনতাই করে মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
রোববার বিকালে নোয়াখালীর লক্ষ্মীর চর থেকে উড়িরচর হয়ে সন্দ্বীপে যাওয়ার পথে নিজাম ডাকাত বাহিনী ট্রলারটি ছিনতাই করে বলে উপকূল রক্ষী বাহিনী জানিয়েছে।
কোস্টগার্ড চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় ২৫ জন যাত্রী নিয়ে ছোট আকারের ট্রলারটি বিকাল সাড়ে ৩টার দিকে লক্ষ্মীর চর থেকে সন্দ্বীপ যাওয়ার পথে মাঝামাঝি কোনো স্থানে ডাকাতরা এর নিয়ন্ত্রণ নেয়।
তারা ট্রলারটি জাহাজের চর এলাকায় নিয়ে গিয়ে যাত্রীদের কাছ থেকে মালামাল লুট করে ছেড়ে দেয় বলে জানান তিনি ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/২২১৪ ঘ.
bdnews24