২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর-পূর্ব ভারতে বিনিয়োগের আহ্বান

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বিনিয়োগ করতে বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সে দেশের পল্লী উন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 01:16 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বিনিয়োগ করতে বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সে দেশের পল্লী উন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ। রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান ভারতের মন্ত্রী। জয়রাম রমেশ পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘জনগণের ক্ষমতায়ন ও উন্নয়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছেন। হোটেল রূপসী বাংলায় সকালে এই সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি অনুসমর্থনের জন্য ভারতের সংবিধানে সংশোধনে লোকসভায় একটি বিল উত্থাপন হবে বলে জয়রাম রমেশ জানিয়েছেন। ভারত-বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি ও এই সংক্রান্ত প্রটোকলগুলো ভারতের পার্লামেন্টে পাস না হওয়ায় তা এখনো কার্যকর হয়নি। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাষ্ট্রগুলোতে বিনিয়োগের আহবান জানিয়ে ভারতের পল্লী উন্নয়ন মন্ত্রী বলেন, সেখানে নতুন নতুন ব্যবসার অনেক সম্ভাবনা রয়েছে। সেখানে বাংলাদেশের বিনিয়োগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করবে। ত্রিপুরা থেকে উন্নতমানের রাবার আমদানি করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানান তিনি। তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশে ভারতীয় বিনিয়োগের সম্ভাবনাও জানান জয়রাম রমেশ। সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দুই দেশের যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিস্তার পানিবণ্টনের চুক্তির বিষয়ে ভারতের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জয়রাম রমেশের সঙ্গে ছিলেন ঢাকায় ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ সরণ। জয়রাম রমেশের পর শেখ হাসিনার সঙ্গে দেখা করেন নেপালের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী নারায়ণ কাজি শ্রেষ্ঠ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জি এল পেইরিস। নারায়ণ কাজি শ্রেষ্ঠ এবং জি এল পেইরিসও আন্তর্জাতিক ওই সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছেন। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এই সাক্ষাৎ অনুষ্ঠানে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব শেখ ওয়াহেদ-উজ জামান, প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৯১৩ ঘ.