২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়ায় ট্রেনে হামলা, ৫ যাত্রী আহত

বিজিবি সদস্যদের সঙ্গে বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তঃনগর কালনী এক্সপ্রেসে হামলা চালিয়েছে কয়েকশ গ্রামবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 06:29 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজিবি সদস্যদের সঙ্গে বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তঃনগর কালনী এক্সপ্রেসে হামলা চালিয়েছে কয়েকশ গ্রামবাসী। রোববারের এই ঘটনায় সিলেট থেকে ঢাকাগামী ট্রেনটির পাঁচ যাত্রী আহত হয়েছেন। সোয়া এক ঘণ্টা বন্ধ থাকার পর বিজিবি ও পুলিশের হস্তক্ষেপে বেলা সোয়া ১১টার দিকে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার রাতে আখাউড়া উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামে মাদক উদ্ধার অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় কামাল চৌধুরী নামের এক ব্যক্তিকে ফেনসিডিলসহ আটক করা হলে প্রায় আড়াইশ গ্রামবাসী বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়ে কামালকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় বিজিবির আজমপুর সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার মো. জাহাঙ্গীর আলম বুধবার রাতে আখাউড়া থানায় ৩৯ জনের নাম উল্লেখসহ দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলা তুলে নেওয়ার দাবিতে দুই থেকে আড়াইশ গ্রামবাসী রোববার সকাল ১০টার দিকে আজমপুর এলাকায় জড়ো হয়ে মিছিলের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের বাধা দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এতে ক্ষিপ্ত হয়ে গ্রামবাসী আজমপুর স্টেশনের কাছে রেলপথ অবরোধ করে এবং সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস থামিয়ে ঢিল ছোড়ে। বিজিবি-১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রামবাসীর ছোড়া ঢিলের আঘাতে ট্রেনের পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ট্রেনে হামলার খবর পেয়ে আখাউড়া থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থলে যান। তিনি এলাকাবাসীকে বুঝিয়ে সরিয়ে নেওয়ার পর আবার ট্রেন চলাচল শুরু হয়। আজমপুর স্টেশনের মাস্টার সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রামবাসীর অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা আটকে থাকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ও সিলেটগামী পারাবত এক্সপ্রেস। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে বেলা সোয়া ১১টার দিকে ট্রেন দু’টি ছেড়ে যায়। আখাউড়া উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন বলেন, কারণ ছাড়াই বিজিবি নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে হামলা-মামলা করে। “যে কারণে আজ গ্রামবাসী অবরোধ এবং ট্রেনে হামলা করে।” তিনি জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ১২ বিজিবি ব্যাটালিয়নকে ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রত্যাহার না করলে রেলপথ, সড়কপথ, আখাউড়া স্থলবন্দরসহ আখাউড়া অচল করে দেওয়ার কর্মসূচি দেওয়া হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে বলে তিনি জানান। এই ঘটনার পর দুপুর ১টার দিকে ১২ বিজিবির ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শাহজাহান আখাউড়া উপজেলা পরিষদে স্থানীয় নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া থানার ওসি মিজানুর রহমান উপস্থিত ছিলেন। বিজিবি কর্মকর্তা মেজর শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা অভিযোগ শুনেছি। পরে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেব।” আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম জানান, আইনশংখলা পরিস্থিতির যেনো অবনতি না হয় সে দিকে লক্ষ্য রাখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৮২৫ ঘ.