২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদের কিল-ঘুষিতে রক্তাক্ত প্রবীণ আইনজীবী

জামালপুরের সরিষাবাড়িতে সরকার দলীয় স্থানীয় সংসদ সদস্য মুরাদ হাসান শনিবার আওয়ামী লীগের এক প্রবীণ আইনজীবীকে মেরে রক্তাক্ত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 05:59 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

জামালপুর, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের সরিষাবাড়িতে সরকার দলীয় স্থানীয় সংসদ সদস্য মুরাদ হাসান শনিবার আওয়ামী লীগের এক প্রবীণ আইনজীবীকে মেরে রক্তাক্ত করেছেন। আহত এই আইনজীবী হলেন এডভোকেট বদরুদ্দুজা বাহাদুর। তিনি আওয়ামী আইনজীবি পরিষদের নেতা। পরে তাকে প্রায় দুই ঘন্টাব্যাপী সরিষাবাড়ি ডাকবাংলোতে আটকে রাখলে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে তিনি মুক্ত হন। জামালপুর জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সহ-সভাপতি, সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক ও ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট বদরুদ্দুজা বাহাদুর জানান, তার নিজ এলাকা সরিষাবাড়ির একটি রাস্তা (হরখালী বাজার থেকে দোলভিটি বারীকের বাড়ি পর্যন্ত) সংস্কারের আবেদন নিয়ে তিনি শনিবার দুপুর সাড়ে ১২টায় সাংসদ মুরাদ হাসানের কাছে যান । এ সময় স্থানীয় সাংসদ সরিষাবাড়ির ডাকবাংলোয় অবস্থান করছিলেন। বদরুদ্দুজা বাহাদুর রাস্তা সংস্কারের ব্যাপারে জোরালো দাবি জানালে সাংসদ মুরাদ হাসান ক্ষিপ্ত হয়ে উঠেন। উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত সাংসদ দুই শতাধিক লোকের সামনে বদরুদ্দুজা বাহাদুরকে পাঞ্জাবির কলার ধরে এলোপাথাড়ি কিল-ঘুষি দিতে থাকেন। এতে ওই আইনজীবী ডাকবাংলোর মেঝেতে পড়ে যান এবং তার বাঁম চোয়ালে জখম হয় এবং চোখের চশমা ভেঙ্গে গালে ঢুকে যায়। এছাড়া তার বুকে, পিঠে ও কোমরে আঘাত পান বলে তিনি অভিযোগ করেন। সাংসদের মারধরে তার পরনের পাঞ্জাবিও ছিড়ে যায়। পরে তাকে প্রায় দুই ঘন্টা ডাকবাংলোতে অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ করেন এডভোকেট বদরুদ্দুজা বাহাদুর। এদিকে ঘটনাস্থলে উপস্থিত সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল মালেক, সংসদ সদস্যের চাচা আমিনুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম কামরুল আহসান, আওয়ামী লীগ নেতা আবুল হোসেনসহ কয়েকজন উভয় পক্ষের মধ্যে আপস-মিমাংসার জন্য বৈঠকে বসেন। বৈঠকে মুরাদ হাসান ওই ঘটনার জন্য প্রবীণ এই আইনজীবীর কাছে ক্ষমা চান। পরে আহত, রক্তাক্ত আইনজীবীকে নতুন একটি পাঞ্জাবি পড়িয়ে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। সরিষাবাড়ি হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় বদরুদ্দুজা বাহাদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে অধিকাংশ সময় সংসদ সদস্য মুরাদ হাসানের বাবা প্রয়াত এডভোকেট মতিয়র রহমানের সঙ্গে ছিলাম। অথচ তার ছেলে আজ আমার সঙ্গে যে আচরণ করেছে তা ভাবনার অতীত। সে বয়সে অনেক ছোট হিসেবে আমার কাছে ক্ষমা চেয়েছে, তাই ক্ষমা করে দিয়েছি।” আহত আওয়ামী লীগ নেতা বদরুদ্দুজা বাহাদুর সরিষাবাড়ি হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে হরখালী গ্রামের নিজ বাড়িতে অবস্থান করছেন। এ ব্যাপারে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন বাদশা বিডিনিউজ টোয়েন্টিফর ডটকমকে বলেন, “সাংসদ মুরাদ হাসান দলের একজন প্রবীণ নেতার গায়ে হাত তুলে জঘন্য কাজ করেছেন। এই ঘটনা আমাদের কাছে অপ্রত্যাশিত এবং এর দায়ভার তিনি নিজেই বহন করবেন।” তিনি এ ঘটনার নিন্দাও জানান। এ ব্যাপারে সাংসদ মুরাদ হাসানের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৪৯ ঘ.