২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে নির্মাণাধীন সেতুর গার্ডার নদীতে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্মাণাধীন একটি সেতুর গার্ডার আবারো নদীতে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 03:00 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

নারায়ণগঞ্জ, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্মাণাধীন একটি সেতুর গার্ডার আবারো নদীতে পড়েছে। শনিবার সকালে প্রভাকরদী এলকায় ব্রহ্মপুত্রের ওপর নির্মাণাধীন এ সেতুর গার্ডার পড়ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এক বছর আগেও নির্মাণাধীন এই সেতুর গার্ডার ভেঙে পড়েছিল। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সেতুটির একটি গার্ডার আকস্মিকভাবে খুলে পড়ে যায়। এ ব্যাপারে সেতুটির নির্মাণের ঠিকাদারী প্রতিষ্ঠান কে এস কন্সট্রাকশনের মালিক জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেতুটি নির্মাণের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর তার প্রতিষ্ঠানকে সাড়ে তিন কোটি টাকার কার্যাদেশ দেয়। ২০১১ সালের জুলাই-অগাস্টে সেতুর কাজ সম্পন্ন করার কথা ছিল। সে অনুসারে প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়। “কিন্তু সওজের কাছে পাওনা দেড় কোটি টাকা পরিশোধ না করায় সেতুটির কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি।” মোটা রড দিয়ে সেতুর ৫টি গার্ডারই লাগানো হয়েছিল এবং কে বা কারা রডগুলো চুরি করে নিয়ে যাওয়ায় গার্ডারগুলো খুলে পড়েছে বলে দাবি করেন তিনি। এর আগে একটি গার্ডার খুলে পড়ার কথাও স্বীকার করেন তিনি। এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের নারায়ণগঞ্জ বিভাগীয় প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, সেতুর গার্ডারটি ভেঙে পড়েনি। গার্ডার তৈরির পর এক স্থান থেকে অন্যস্থানে স্থানান্তর করা হয়। সে সময়ই একটি গার্ডার নদীতে পড়ে গেছে। এর আগেও একইভাবে একটি গার্ডার পড়ে যায়। এটা নির্মাণ কাজের ত্র“টির কোনো বিষয় নয়। “সেতুর কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, অর্থ বরাদ্দ অপ্রতুল থাকায় ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ সম্পন্ন করতে পারেনি। আশা করছি দ্রুত সেতুটির কাজ সম্পন্ন করা সম্ভব হবে,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/২০৫৫ ঘ.