কক্সবাজার, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের মহেশখালী উপজেলায় শনিবার জোয়ারের পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
দুপুরে ধলঘাটা ইউনিয়নে মৃত দুই কিশোর হল পন্ডিতের ডেইল গ্রামের মো. আলীর ছেলে মো. তানিব (১১) এবং মুহুরীঘোনা গ্রামের বদিউল আলমের ছেলে শেফাউল করিম (১০)।
ধলঘাটা ইউনিয়ন পরিষদ সদস্য আকতার আহমদ ও বাদশা মিয়া বলেন, জোয়ারের সময় এলাকায় পানি ঢুকে পড়লে তাতে ডুবেই মৃত্যু হয় দুই কিশোরের।
তারা জানান, বেড়িবাঁধ বিলীন হয়ে যাওয়ায় প্রায় সময় এলাকায় জোয়ারের পানি ঢুকে পড়ে। কিন্তু শনিবার হঠাৎ জোয়ারের পানি অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।
মহেশখালী থানার ওসি রনজিত কুমার বড়–য়া সাংবাদিকদের বলেন, খবরটি তিনি শুনেছেন। সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪২ ঘ.
bdnews24