২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে চট্টগ্রাম থেকে দুটি বিশেষ ট্রেন

ঈদ উপলক্ষে চট্টগ্রাম থেকে দুটি বিশেষ ট্রেন নোয়াখালী ও চাঁদপুরের উদ্দেশে ছাড়বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 09:36 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উপলক্ষে চট্টগ্রাম থেকে দুটি বিশেষ ট্রেন নোয়াখালী ও চাঁদপুরের উদ্দেশে ছাড়বে। এই দুটি ট্রেনসহ সব ট্রেনের আগাম টিকিট বিক্রি রোববার থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক এম সামসুল আলম। নোয়াখালী ও চাঁদপুরের উদ্দেশে ট্রেন দুটি ১৪ অগাস্ট চলাচল শুরু করবে। নোয়াখালীর ট্রেনটি ছাড়বে সকাল সাড়ে ৭টায় এবং চাঁদপুরেরটি দুপুর দেড়টায় ছাড়বে। ঈদ পর্যন্ত এই ট্রেন দুটি চলাচল করবে। এছাড়া ঈদ উপলক্ষে চট্টগ্রাম রেলস্টেশন থেকে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্য ছেড়ে যাওয়া ট্রেনে যাত্রী সংখ্যা বিবেচনায় অতিরিক্ত ৮০টি বগি সংযুক্ত করা হবে বলে জানান বলে সামসুল আলম জানান। তিনি জানান, রোববার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আগামী ১৪ অগাস্টের টিকিট বিক্রি হবে। ১৫ অগাস্টের অগ্রিম টিকিট পাওয়া যাবে ৬ অগাস্ট, ১৬ অগাস্টের টিকিট ৭ অগাস্ট, ১৭ অগাস্টের ৮ অগাস্ট এবং ১৮ অগাস্টের অগ্রিম টিকিট পাওয়া যাবে ৯ অগাস্ট। টিকিট কালোবাজারি ঠেকাতে নিরাপত্তার বাহিনী ছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রেলওয়ে কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে ছয় সদস্যের একটি ভিজিলেন্স টিম কাজ করেছে বলে জানান সামসুল। ঈদে চট্টগ্রাম রেলস্টেশন থেকে নিয়মিত চলাচলকারী প্রতিদিন আটটি ট্রেন যথারীতি চলবে। ওই সব ট্রেনে প্রায় ১৩ হাজার আসন রয়েছে। আসন ও দাঁড়িয়ে প্রতিদিন মোট ১৫ হাজার যাত্রী যাতায়াত করতে পারবে বলে স্টেশন ব্যবস্থাপক জানান। তিনি বলেন, যাত্রীদের যাতায়াতে রেলওয়ের নিয়মিত নিরাপত্তার বাইরে ঈদে র‌্যাব, মহানগর পুলিশ, বিজিবি ও আর্র্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যরা কাজ করেব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এমআই/১৫৩৩ ঘ.