ঝিনাইদহ, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের চাঁদপুর গ্রামে আওয়ামী লীগ সমর্থক দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছে।
শনিবার সকালে এ সংঘর্ষে আহত ১০জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি শাহিদুল ইসলাম শাহীন জানান, ওই গ্রামে আওয়ামী লীগ সমর্থক দু’টি দলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শত্রুতা চলে আসছে।
শুক্রবার ইউনিয়ন পরিষদেও সদস্য সহিদুলের লোকজন স্থানীয় আবুল হোসেনের দলের শরিফুল ইসলামকে মারধর করে। এর জেরে শনিবার সকালে দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।
ফুলহরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ জানান, বর্তমান ইউপি সদস্য সহিদুল ও সাবেক সদস্য আবুল হোসেন দু’জনই আওয়ামী লীগ সমর্থক।
গত শনিবার সকালে দু’পক্ষ ঢাল, সড়কি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় বলে জানান তিনি।
সহিদুল ইসলাম বলেন, “গ্রামের উত্তর পাড়ার তার সমর্থকদের ওপর হামলার জন্য গোপন বৈঠক করে প্রতিপক্ষ আবুল হোসেনের লোকজন। এ খবর পেয়ে তার দলের লোকজনও প্রস্তুতি নেয়।”
শনিবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় বলে জানান তিনি।
সহিদুলের প্রতিপক্ষ আবুল জানান, তার পক্ষের লোকজনের ওপর হামলা চালালে সংঘর্ষ বেধে যায়।
দু’ পক্ষই আওয়ামী লীগ সমর্থক বলে জানান তিনি।
গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৫৯ ঘ.
bdnews24