সুনামগঞ্জ, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের তাহিরপুরে বিজিবি সদস্যদের মারধরে এক বারকি শ্রমিক মারা গেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে নিহত ওই ব্যক্তির নাম মোছাব্বির মিয়া (৫৪)। তিনি তাহিরপুরের বালিজুড়ি ইউনিয়নের দক্ষিণকুল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
মোছাব্বিরের স্বজনরা তার মৃত্যুর জন্য সীমান্ত রক্ষা বাহিনীর সদস্যদের দায়ী করলেও বিজিবি বলছে, ওই ব্যক্তি ভারতীয় সীমান্ত রক্ষীদের ধাওয়া খেয়ে নদীতে পড়ে মারা গেছেন।
তাহিরপুরের বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন ও মারা যাওয়া শ্রমিকের চাচাত ভাই আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, সীমান্তবর্তী লাউড়েরগড় এলাকার যাদুকাটা নদীতে (বালু-পাথর কোয়ারি বা মহাল) নৌকা নিয়ে মোছাব্বির মিয়াসহ বেশ কয়েকজন পাথর কুড়াতে যায়। তখন বিজিবির লাউড়েরগড় বিওপি ক্যাম্পের জোয়ানরা তাদের পাথর কুড়াতে নিষেধ করে।
“রাত ১১টার দিকে শ্রমিক ও বিজিবি জওয়ানদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জওয়ানরা মোছাব্বির মিয়াকে মাথায় আঘাত করলে তিনি নৌকা থেকে পড়ে পানিতে ডুবে যান। কিছুক্ষণ পর লাশ নদীতে ভেসে উঠলে শ্রমিকরা তা উদ্ধার করেন,” বলেন আজিজুল।
চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন, “যাদুকাটা নদীতে পাথর কুড়াতে গেলে বিজিবি সদস্যরা চাঁদা আদায় করে। টাকা না দিলে তারা শ্রমিকদের মারধর করে।”
এই বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ-৮ সুনামগঞ্জ ব্যাটলিয়নের কর্মকর্তা (অপস অফিসার) গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, মোছাব্বির মিয়াসহ কয়েকজন সীমান্তবর্তী লাউড়েরগড় এলাকায় গেলে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে সবাই পালিয়ে এলেও মোছাব্বির মিয়া নদীতে ডুবে মারা যায়।
শ্রমিকদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগও প্রত্যাখ্যান করেন তিনি।
তাহিরপুর থানার ওসি আবুল হাসেম বলেন, “বিএসএফের ধাওয়া খেয়ে এক বাংলাদেশি বারকি শ্রমিক মারা গেছে বলে আমাকে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। আর মারা যাওয়া শ্রমিকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বিজিবি’র মারধরে তার মৃত্যু হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০২২ ঘ.
bdnews24