চট্টগ্রাম, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ট্রেনচালককে ‘অপহরণ’ করায় রোববার দুর্ভোগ পোহাতে হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।
অজ্ঞাত কয়েকজন যুবক চার ঘণ্টা ট্রেনচালককে আটকে রাখলে সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ওই সময়ে বিশ্ববিদ্যালয় থেকে শহরমুখী ট্রেন চলাচল বন্ধ থাকে।
চালক কামরুল হুদা ছাড়া পাওয়ার পর ৩টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক বলে জানিয়েছেন ষোলশহর রেল স্টেশন মাস্টার ফখরুল আলম।
কারা চালককে ধরে নিয়েছিল- সে বিষয়ে রেল কর্মকর্তারা প্রকাশ্যে মুখ না খুললেও সন্দেহ করছে, ছাত্রলীগের একটি অংশ এতে জড়িত।
প্রক্টর সিরাজ-উদ-দৌলা বলেছেন, এই ঘটনায় যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সকালে দুটি ট্রেন শহর থেকে ক্যাম্পাসে পৌঁছার পর নিরুদ্দেশ হন তৃতীয় ট্রেনের চালক কামরুল।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি আবু তাহের খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাসমুখী ট্রেনটি সকাল ১১টায় ষোলশহর স্টেশনে এলে কে বা কারা চালককে তুলে নিয়ে যায়।
এতে ওই ট্রেনটি ষোলশহর স্টেশনে আটকা পড়ে। শিক্ষার্থীদের বাসে-টেম্পুতে বিকল্প ব্যবস্থায় ক্যাম্পাসে যেতে হয়। এতে অনেকেই নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ক্যাম্পাসে পৌঁছান।
অন্যদিকে চালক ‘অপহরণের’ পর ক্যাম্পাস থেকে শহরমুখী ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। বেলা ৩টার দিকে কামরুল ছাড়া পান বলে জানিয়েছেন ষোলশহর রেল স্টেশন মাস্টার ফখরুল।
তিনি সাংবাদিকদের বলেন, “অজ্ঞাত পরিচয়ের কয়েক যুবক চোখ বেঁধে তুলে নিয়ে গিয়েছিল বলে কামরুল জানিয়েছেন।”
ওই যুবকেরা কামরুলের কাছ থেকে কিছু চায়নি কিংবা কোনো কিছু দাবি করেননি বলে স্টেশন মাস্টার জানান।
প্রক্টর সিরাজ-উদ-দৌলা সাংবাদিকদের বলেন, “কে বা কারা, কী কারণে চালককে তুলে নিয়েছিল তা এখনো স্পষ্ট নয়। তবে যারাই এ ধরনের কাজ করেছে, সনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রনিনিধি/টিএইচ/এমআই/১৭১৭ ঘ.
bdnews24