রাজশাহী, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর চারঘাট সীমান্ত থেকে চার জেলেকে ধরে নিয়ে কারাগারে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএএসএফ।
বৃহস্পতিবার রাতে পদ্মা নদীতে মাছ ধরার সময় তাদেরকে বিএসএফ ধরে নিয়ে যায় বলে জানান বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি চারঘাট কোম্পানি কমান্ডার সুবেদার হোসেন আলী।
“চারঘাট সীমান্ত সংলগ্ন পদ্মা নদীতে মাছ ধরার সময় বিএসএফ -এর টহল সদস্যরা তাদের আটক করে।”
এরা হলেন, গোপালপুর গ্রামের রশিদ আলীর ছেলে বিপ্লব আলী (২৮), সামাদ আলীর ছেলে বাচ্চু আলী (২৬), আব্দুর রহমানের ছেলে লিটন (৩২) ও ইদ্রিস আলীর ছেলে মনিরুল ইসলাম (২৮)।
বিজিবি কর্মকর্তা জানান, তাদেরকে ফেরত আনার জন্য শুক্রবার দুপুরে বাবনাবাজ বিএসএফ কোম্পানির সঙ্গে পতাকা বৈঠক হয়। কিন্তু পতাকা বৈঠকে তারা জানান বাংলাদেশি জেলেদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এসইউ/১২১৭ ঘ.
bdnews24