মাদারীপুর, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়া থেকে কাওরাকান্দিগামী একটি লঞ্চের তলা মাঝ নদীতে ফেটে গেলেও সব যাত্রী রক্ষা পেয়েছে।
শুক্রবার দুপুরে দেড়শ’ যাত্রী নিয়ে এম এল সাথী নামের লঞ্চটি ডুবে যাওয়ার সময় তাৎক্ষণিকভাবে সেটিকে একটি চরে নিয়ে যান চালক।
কয়েকজন যাত্রী অভিযোগ করেন, ফিটনেস না থাকায় লঞ্চটির তলা ফেটে গেছে। তবে লঞ্চ কর্তৃপক্ষের দাবি, ডুবেচরে ধাক্কা খেয়ে তলা ফেটে যায় লঞ্চটির।
কাওড়াকান্দি ঘাট লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন সাংবাদিকদের বলেন, দুপুর ২টায় এম এল সাথী মাওয়া ঘাট ছেড়ে যায়।
মাঝ পদ্মায় হঠাৎ তলা ফেটে পানি ঢুকতে থাকলে যাত্রীরা চিৎকার শুরু করে। এ সময় লঞ্চের কর্মকর্তারা পাত্র দিয়ে পানি অপসারণের চেষ্টা করেন। চালক তখন দ্রুত লঞ্চটি নদীর জেগে উঠা একটি চরে তুলে দেন বলে জানান মনির হোসেন।
পরে মেসার্স নেছারাবাদ ওয়াটার ওয়েজ, পিনারা-৬ নামের দুটি লঞ্চসহ একাধিক ট্রলার গিয়ে যাত্রীদের উদ্ধার করে কাওরাকান্দি নিয়ে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০২১ ঘ.
bdnews24