কুমিল্লা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্ল¬ার চান্দিনা এবং দাউদকান্দিতে তিনটি দুর্ঘটনার কারণে শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরও এ যানজটে আটকা পড়েন ।
যানজট বি¯তৃত ছিল কুমিল্ল¬ার চান্দিনা উপজেলার মাধাইয়া থেকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া পর্যন্ত।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত ৩টার দিকে চান্দিনার মাধাইয়ার কাছে একটি ট্রাক উল্টে রাস্তার ওপর পড়ে যায়। ট্রাকটি উদ্ধারের কাজ শুরুর পর উপজেলার গোমতার কাছে আরেকটি ট্রাক দুর্ঘটনায় পড়ে। ট্রাক দুটো সরানোর কাজ ভোর ৪টায় শেষ হয়। ওই সময় মহাসড়কে যান চলাচল ব্যহত হয়।
এরপরই দাউদকান্দিতে একটি ট্রাক ও একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ যানজট তীব্র আকার ধারণ করে। এতে যাত্রীবাহী বাস ও রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকা পড়ায় সাধারণ যাত্রী ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
এদিকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মেঘনা-গোমতী সেতুর সংস্কার কাজ এবং মতলব-বাবুরহাট-পেন্নাই বেহাল সড়ক সরজমিনে পরিদর্শনে আসার পথে কুমিল্ল¬ার গৌরীপুরে তীব্র যানজটে আটকা পড়েন।
মহাসড়কে এই যানজট সৃষ্টি হওয়ায় তিনি হাইওয়ে পুলিশ এবং স্থানীয় থানা পুলিশের প্রতি অসন্তোষ প্রকাশ করেন।
যানজট সম্পর্কে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “ভোটের সস্তা রাজনীতির কারণে এবং নির্বাচন আসন্ন বিধায় অনেক মন্ত্রী, সাংসদ এবং নেতারা রাস্তার পাশের অবৈধ স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। আর এজন্য যানজটের সৃষ্টি হচ্ছে। অবৈধ যানবাহন এবং চালকদের খামখেয়ালীর কারণেও যানজট সমস্যা প্রকট আকার ধারণ করছে।”
তিনি আরো বলেন, হঠাৎ করে যানজট সমস্যার সমাধান দেওয়া সম্ভব নয়। এ ব্যাপারে সবার সহযোগিতা দরকার।
দাউদকান্দির গৌরীপুর বাস স্ট্যান্ডের কাছে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা ও রাস্তার দু’পাশে অবৈধভাবে বিভিন্ন যানবাহন পার্কিং দেখেও ওবায়দুল কাদের ক্ষোভ প্রকাশ করেন। পরে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সমন্বিত প্রচেষ্টায় বিকাল ৩টায় যান চলাচল স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৮১৬ ঘ.
bdnews24