কিশোরগঞ্জ, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা থেকে হিজবুত তাওহিদের সদস্য সন্দেহে শুক্রবার ১৬ জনকে আটক করেছে পুলিশ।
পংমসুয়া থেকে আটক করার সময় তাদের কাছ থেকে দেশি অস্ত্র, মোবাইল সেটসহ বেশকিছু জেহাদি বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন সাংবাদিকদের বলেন, গোপন সংবাদ পেয়ে ভোরে কটিয়াদী থানা পুলিশ মসুয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ফাতেমা আক্তারের বাড়িতে অভিযান চালায়।
“তাদের একটি ঘর থেকে ১৬ হিজবুত সদস্যকে আটক করা হয়,” বলেন পুলিশ কর্মকর্তা।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
আটক হয়েছেন হিজবুত তাওহিদের কিশোরগঞ্জ জেলা কমান্ডার মো. রায়হান (২৪), মো. হানিফ খন্দকার (৩০), মো. দুলাল হোসেন (২০), আতিকুর রহমান (২৬), আব্দুস সাত্তার (২৩), রাকিব আহম্মেদ মাসুদ (২৪), আব্দুর রউফ (৩০), মো. সেলিম (৩২), মো. জসিম উদ্দিন (৩৫), ফরিম মিয়া (৫৭), গোলাপ লস্কর (৭৪), আব্দুস সালাম (৫৭), আছমা খাতুন (২৮), সাবিনা (২৮), শিল্পী (১৬) ও ফাতেমা আক্তার (৪০)।
এরমধ্যে দুলাল হোসেনের বাড়ি কুষ্টিয়ার মথুরাপুর গ্রামে এবং বাকিদের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী, হোসেনপুর, পাকুন্দিয়া ও করিমগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫৫ ঘ.
bdnews24