২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরের আঙ্গারিয়া সেতু আবার ভেঙেছে

শরীয়তপুর-মাদারীপুর সড়কে কীর্তিনাশা নদীর উপর আঙ্গারিয়া বেইলি ব্রিজটি বৃহস্পতিবার রাতে আবারো ভেঙে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2012, 11:21 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

শরীয়তপুর, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর-মাদারীপুর সড়কে কীর্তিনাশা নদীর উপর আঙ্গারিয়া বেইলি ব্রিজটি বৃহস্পতিবার রাতে আবারো ভেঙে গেছে। এতে দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। কয়েকশ’ যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক সেতুর দু’দিকে আটকা পড়েছে। এর আগে গত ১৩ জুলাই সেতুটি ভেঙে যাওয়ায় ওই সড়কে চলাচল তিনদিন বন্ধ ছিল। শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেঘনা এবং মেঘনা-গোমতী সেতুতে ওজন স্কেল বসানোর কারণে ৩০/৩৫ মেট্রিকটন মাল বোঝাই ট্রাকগুলো ওই দুই সেতু দিয়ে পার হতে পারে না। তাই সেগুলো বিকল্প পথে আঙ্গারিয়া ও টেকেরহাট সেতুর উপর দিয়ে চলে। এ কারণেই কিছুদিন পরপরই সেতুটি ভেঙে যায়। মেরামতের কাজ চলছে। শনিবার সকাল থেকে যানবাহন চলাচল করতে পারবে বলে তিনি জানান। শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম বলেন, সেতুটি অনেক পুরনো। অনেক আগেই ভারি যানবাহন চলাচলের অনুপযোগী হওয়ায় এটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। আগের কয়েকবারের মতো এবারো অতিরিক্ত মালবাহী যানবাহন চলাচলের কারণে ট্রামজাম ভেঙে ব্রিজটি দিয়ে চলাচল বন্ধ হয়ে গেছে। জরুরি মেরামত কাজ চলছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুটির ট্রাম জাম ও ডেক ভেঙে গেছে। বেশিরভাগ জোরাই খুলে গেছে। রেলিং নেই। এর মধ্যেই ঝুঁকি নিয়ে পাঁচ থেকে ২০ মেট্রিকটন মাল বোঝাই বাহন চলাচল করছে। ট্রাক চালক মো. ফরিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাতক্ষীরা থেকে নোয়াখালী যাচ্ছিলেন তিনি। দু’দিন এখানে আটকে আছেন। মাঝেমধ্যেই ব্রিজটি ভেঙে তাদের এমনি আটকা পড়তে হয় বলে তিনি জানান। বেনাপল থেকে চট্টগ্রামগামী বাসযাত্রী আসমা আক্তার বলেন, “ব্রিজটি ভেঙে গাড়ি চলাচল বন্ধ হওয়ায় ছেলেমেয়ে নিয়ে চরম দুর্ভোগে পড়েছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭১৪ ঘ.