ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্টন এলাকা থেকে প্রায় সাড়ে ছয় লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে গাজী ভবনের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সুজন মিয়া (২৫), বিলাস আকন্দ (২৪) ও আবদুর রহিম (২২)।
শুক্রবার বেলা ১১টায় এই তিনজনকে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে প্রথমে সুজনকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বাকি দুজনকে।
তাদের কাছে জাল ৬ লাখ ৪০ হাজার টাকার জাল নোট পাওয়া গেছে বলে মশিউর রহমান জানান।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তিন বছর ধরে টাকা জাল করার কথা স্বীকার করেছে।
ঈদ সামনে রেখে টাকা জালকারী চক্রগুলোকে ধরতে বিশেষ নজর দিচ্ছে পুলিশ প্রশাসন।
গত ২৭ জুলাই রাজধানীর মুগদা থেকে কোটি টাকার জাল নোট এবং জাল নোট তৈরির সরঞ্জামসহ ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএএইচ/জেকে/১৩৪২ ঘ.
bdnews24