২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বল এখন বিরোধী দলের কোর্টে: সুরঞ্জিত

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাব মেনে নিয়ে বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়েছেন সুরঞ্জিত সেন গুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 12:34 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাব মেনে নিয়ে বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়েছেন সুরঞ্জিত সেন গুপ্ত। নির্বাচনকালীন সরকারে বিরোধী দলকে যোগ দিতে প্রধানমন্ত্রীর প্রস্তাব তুলে ধরে বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি বলেন, “এর চেয়ে গ্রহণযোগ্য সমাধান আর হতে পারে না। বল এখন বিরোধী দলের কোর্টে।” বিএনপির প্রতি আহ্বান জানিয়ে দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত বলেন, “আসুন আমরা দেশকে এগিয়ে নিতে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করি।” তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী দলের বিপরীত অবস্থানের মধ্যে প্রধানমন্ত্রী গত সপ্তাহে বিবিসি বাংলা সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপিকে সরকারে যোগ দেওয়ার প্রস্তাব দেন। তবে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া তাৎক্ষণিকভাবে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। জাতীয় প্রেসক্লাবে ডিজিটাল বাংলাদেশ ফোরামের উদ্যোগে আয়োজিত ‘শোকাবহ আগস্ট ও স্মৃতিতে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত অগাস্টকে শোকের মাস হিসাবে পালনের জন্য খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানান। ১৫ অগাস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করে তিনি বলেন, “আমি বিরোধী দলের নেত্রী, বিরোধী দলকে অনুরোধ করবো- এই অপরাজনীতি-অপসংস্কৃতি থেকে আপনারা বেরিয়ে আসুন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচ/১৮৩০ ঘ.