২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক হুইপ জামালের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

ত্রাণের চাল আত্মসাতের মামলায় সাবেক হুইপ ও বিএনপি থেকে বহিস্কৃত সৈয়দ শহিদুল হক জামালের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 04:36 AM

Updated : 24 Aug 2022, 11:51 AM

বরিশাল, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রাণের চাল আত্মসাতের মামলায় সাবেক হুইপ ও বিএনপি থেকে বহিস্কৃত সৈয়দ শহিদুল হক জামালের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক ওয়াজেদ আলী গাজী বুধবার সন্ধ্যায় বানারীপাড়া থানায় অভিযোগপত্র জমা দেন বলে ওসি আমিনুল ইসলাম জানান। তিনি বলেন, বানারীপাড়ায় সাড়ে তিনশ মেট্রিক টন ত্রাণের চাল আত্মসাতের ঘটনায় ২০টি মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। প্রতিটি মামলাতেই সাবেক হুইপকে আসামি করা হয়েছে। অভিযোগপত্রের অন্য আসামিরা হলেন- চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস সরদার, সদস্য শফিকুল হক সুমন, আব্দুর রশিদ, নুরুল হক, বাইশারী ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম বারেক, বারেক মৃধা, আব্দুর রহমান ফরাজী, উদয়কাঠী ইউনিয়ন পরিষদের সদস্য পরিতোষ, আলতাফ হোসেন, মনোজ কুমার, সুকুমার বৈরাগী, আলেয়া বেগম, শারমিন জাকিয়া, ইলুহার ইউনিয়ন পরিষদের সদস্য খাদিজা বেগম, জাকির হোসেন, নিরোদ হালদার, আতিকুর রহমান, মোহাম্মদ দুলাল, জাহানারা ও মোসাম্মত শিরিন। ২০০৬-০৭ অর্থ বছরে ঈদের আগে দুঃস্থদের মাঝে বিতরণের জন্য বরাদ্দ সাড়ে তিনশ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে দুদকের সহকারী পরিচালক আ. রহিম জোয়াদ্দার ২০০৯ সালের ২৫ জুন প্রকল্প কমিটির সভাপতি এক জন চেয়ারম্যান ও ১৯ সদস্যের বিরুদ্ধে বানারীপাড়া থানায় ২০টি মামলা করেন। এজাহারে সাবেক হুইপ শহিদুল হক জামালকে আসামি করা না হলেও মামলার তদন্ত কর্মকর্তা সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে গত জুনের প্রথম সপ্তাহে তার নাম যোগ করে অভিযোগপত্র তৈরি করেন। দুদক কর্তৃপক্ষ গত ২৭ জুন তা অনুমোদন করে বরিশাল কার্যালয়ে পাঠায়। সাবেক হুইপ ও বিএনপি থেকে বহিস্কৃত শহিদুল হক নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে (বানারীপাড়া-উজিরপুর) নির্বাচন করে হেরে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১০৩০ ঘ.