রাজশাহী বিশ্ববিদ্যালয়, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষে অন্তত চার নেতাকর্মী আহত হয়েছেন।
তারা হলেন, মাসুদ রানা (সমাজকর্ম), শরীফ হাসান, মোস্তফা সারওয়ার ও শাওন উদ্দীন।
বুধবার বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে চেয়ারে বসাকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পরে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনার জের ধরে ছাত্রদলের তিন কর্মীকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার ও অপর পাঁচ জনকে তিন মাসের জন্য সাময়িক বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
রাত সাড়ে ১০টার দিকে ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
যাদেরকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয় তারা হলেন- দেলোয়ার হোসেন, আসাদুজ্জামান ও তানভীর আহমেদ। সাময়িক বহিষ্কৃতরা হলেন- মাসুদ রানা, পারভেজ আহমেদ, শাওন উদ্দীন, ফরিদ হোসেন ও জাকির আহমেদ।
মতিহার থানার ওসি আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের পাশের বিনোদপুর বাজারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করে।
এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিক গ্রুপের কর্মী দেলোয়ার হোসেন ইফতারের পূর্ব মুহূর্তে অনুষ্ঠানস্থলে একটি চেয়ারে বসেন। পরে তাকে যুগ্ম আহ্বায়ক কামরুল গ্রুপের কর্মী মাসুদ রানা (সমাজকর্ম চতুর্থ বর্ষ) দলের সিনিয়র কর্মীদের বসতে দিয়ে চেয়ার ছেড়ে দিতে বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।
ইফতার শেষে রাত সাড়ে ৮ টার দিকে ওই ঘটনাকে কেন্দ্র করে আহ্বায়ক গ্রুপের ও দলটির যুগ্ম আহ্বায়ক দেলোয়ারের নেতৃত্বে পাপন আহমেদ, তানভীর আহমেদ, হিমেল (স্থানীয়) সহ ১২/১৩ জন ছাত্রদল কর্মী রামদা, লাঠি, হাসুয়া দিয়ে মাসুদকে উপর্যুপরি কোপাতে থাকে। এতে তার হাতে এবং পিঠে গুরুতর জখম হয়।
এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিক গ্রুপ ও যুগ্ম আহ্বায়ক কামরুল গ্রুপের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে কামরুল গ্রুপের শরিফ, মোস্তফা ও শাওন আহত হন।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ১০ টা পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আমরা এই ঘটনার জন্য দুঃখিত।”
তিনি আরো বলেন, “যেহেতু এটা আমাদের আহ্বায়ক কমিটি। তাই কমিটির তিন সদস্যকে স্থায়ীভাবে বহিষ্কার ও পাঁচজনকে সাময়িক বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর সুপারিশ করেছি।”
এ বিষয়ে জানতে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা আমার আওয়তার বাইরে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও তারা আমার কাছ থেকে কোন অনুষ্ঠান করার অনুমতি নেয়নি। তাই এই বিষয়ে মন্তব্য করা উচিত হবে না।“
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩২৬ ঘ.
bdnews24