দিনাজপুর, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বীরগঞ্জে স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় শিক্ষক ও অভিভাবকরা মুখোমুখি অবস্থান নিয়েছেন।
স্কুলের কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে বুধবার দুপুরে উপজেলা সদরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন।
এদিকে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে মঙ্গলবার নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।
এর আগে মঙ্গলবার দু’পক্ষই পাল্টাপাল্টি মামলা করেছে।
বৃহস্পতিবার নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে একজন সহকারী শিক্ষক পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এর জেরে সোমবার অভিভাবকরা বিদ্যালয়ে ভাংচুর এবং শিক্ষকদের লাঞ্ছিত করেন।
ওইদিনই প্রশাসন ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে।
অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন স্কুলছাত্রীটির বাবা। অপরদিকে বিদ্যালয়ে হামলার অভিযোগে ছয়জনকে আসামি করে মামলা করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহজাহান সবুজ।
এদিকে সকালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবিতে উপজেলা সদরে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে। পরে পুলিশ গিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আাশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
বীরগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম সিদ্দিকী বলেন, স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ সতর্ক রয়েছে।
এ ব্যাপারে নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সবুজ ও দিনাজপুর জেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম বলেন, শিক্ষক অন্যায় করলে তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
কিন্তু শিক্ষকদের লাঞ্ছিত এবং ভাংচুরের নিন্দা জানিয়ে তারা হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
বিডিনিউজ টোয়ের্নিটফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৫৪ ঘ.
bdnews24