ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় দুই যুগ ধরে নিখোঁজ মোসলেমউদ্দিন সরকারকে মৃত বলেই ধরে নিয়েছিল পরিবার-পরিজন। একটি টেলিফোন কল পাল্টে দিল সব, ফিরে এলেন মোসলেমউদ্দিন।
ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার বিষ্ণুরামপুর গ্রামের বাসিন্দা মোসলেমউদ্দিন যখন নিখোঁজ হয়েছিলেন, তখন তিনি ২৯ বছরের তরতাজা যুবক।
২৩ বছর পর মঙ্গলবার তিনি যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান, তখন তার মুখভর্তি কাঁচা-পাকা লম্বা দাড়িগোঁফ, মাথায় বড় চুল, দীর্ঘদিনের কারাবাসে শীর্ণ তার দেহ।
চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট হলেও পুনর্মিলনের আনন্দে হাসছিল মোসলেমউদ্দিনের চোখ-মুখ। এখন তার বয়স ৫২।
বিমানবন্দরে তাকে নিতে এসেছিলেন তার ভাই সেকেন্দার আলী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ধরেই নিয়েছিলাম, আমার ভাই মরে গেছে। তিনি নিখোঁজ হওয়ার পর মাসের পর মাস, বছরের পর বছর আমরা তার জন্য অপেক্ষা করেছি। কিন্তু পরে হাল ছেড়ে দিয়েছি। আমরা যে তাকে ফিরে পাব তা স্বপ্নেও ভাবিনি।”
রেডক্রসের সহযোগিতায় চলতি সপ্তাহেই পাকিস্তানের করাচির একটি কারাগার থেকে ছাড়া পান মোসলেমউদ্দিন।
সেকেন্দার জানান, চট্টগ্রামের একটি জাহাজ কারখানার শ্রমিক মোসলেমউদ্দিন ১৯৮৯ সালের কোনো এক সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে পরিবারের কাছ থেকে বিদায় নেন। এরপর আর খোঁজ খবর না পেয়ে মোসলেমউদ্দিনের কর্মস্থলে যোগাযোগ করে জানা যায়, তিনি আর কাজে যোগ দেননি।
“বহুবছর কেটে যাওয়ার পর এক দেড়মাস আগে এক অপরিচিত লোক আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের কাছে ফোন করে আমার ভাইয়ের খোঁজ জানার জন্য একটা ফোন নাম্বার দেন। কিন্তু সেই নাম্বারে বারবার ফোন করেও আমরা ফোন বন্ধ পাই।
“এরপর উপায়ান্ত না দেখে আমরা আমাদের এলাকার সাংবাদিক জুলহাস আলমের কাছে সাহায্যের জন্য যাই। তিনি তখন রেডক্রসের সাহায্য নেওয়ার পরামর্শ দেন।”
ঢাকায় আন্তর্জাতিক রেডক্রসের ট্রেসিং অফিসার রোকসানা জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোসলেমউদ্দিনের পরিবার গত ১০ জুন আমাদের কাছে সাহায্যের জন্য এলে আমরা দেখলাম, যে নাম্বার থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে ফোন গিয়েছিল সেটা ঢাকার পাকিস্তান হাইকমিশনের।
“আমরা সেখানে যোগাযোগ করে জানতে পারি, ময়মনসিংহের আব্দুল আজিজ সরকারের ছেলে মোসলেমউদ্দিন গত ১৫ বছর ধরে করাচির একটি জেলে বন্দি আছেন। তার পরিবার যদি তাকে দেশে ফিরিয়ে আনার খরচ বহন করতে পারে তাহলে তাকে ছাড়িয়ে আনা যাবে।”
এরপর রেডক্রসের ‘পারিবারিক যোগাযোগ পুনরুদ্ধার প্রকল্প’-এর আওতায় পাকিস্তানের রেডক্রস কর্মকর্তাদের সহায়তায় মঙ্গলবার সকাল ৯টায় ফিরিয়ে আনা হয় মোসলেসউদ্দিনকে।
মোসলেমউদ্দিন রেডক্রসকে জানান, ১৯৮৯ সালে তিনি ভারত সীমান্ত পার হয়ে আসাম ও মেঘালয়ে কয়েক মাস কাটিয়ে দিল্লিতে পৌছান। সেখানে বিয়েও করেন। কিন্তু ১৯৯৭ সালে পাকিস্তানে প্রবেশের সময় তিনি ধরা পড়ে যান। এরপর করাচির একটি কারাগারে ১৫ বছর তার বন্দি জীবন কাটে তার।
মোসলেমউদ্দিনের ভাই সেকেন্দার আলী বলেন, “এই মুহূর্তে তিনি খুবই দুর্বল আর অসুস্থ। কথা বলার মতো অবস্থাতেও নেই। তবে আমার ভাই ফিরে আসায় আমি, আমার মা, পরিবারসহ গোটা গ্রামের মানুষ খুব খুশি।”
ভাইকে ফিরিয়ে আনতে সহায়তা দেওয়ায় রেডক্রসসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেকেন্দার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএমটি/১৭৩০ ঘ.
bdnews24