২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জ শহরে মহানন্দা নদীর ওপর নির্মিত সেতুর টোল বাড়ানোর প্রতিবাদে সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 10:22 AM

Updated : 24 Aug 2022, 11:51 AM

চাঁপাইনবাবগঞ্জ, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ শহরে মহানন্দা নদীর ওপর নির্মিত সেতুর টোল বাড়ানোর প্রতিবাদে সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। বুধবার ভোর থেকে দুুপুর ১২টা পর্যন্ত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর টোল প্লাজার দু’পাশে এলোপাতাড়ি গাড়ি রেখে সড়ক অবরোধ করে রাখা হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ স্থলবন্দর মহাসড়কে আটকা পড়ে বিভিন্ন ধরনের প্রায় তিন শতাধিক যানবাহন, যাত্রীরা পড়ে চরম দুর্ভোগে। চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম সাংবাদিকদের বলেন, সড়ক ও জনপথ বিভাগ ৩১ জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে টোল বাড়িয়েছে। বুধবার ভোর ৬টার দিকে টোল পরিশোধ করতে গিয়ে নতুন হারের কথা জানতে পেরে সড়ক অবরোধ করে শ্রমিকরা। “পরে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে আগের টোল বহাল রাখার সিদ্ধান্তে অবরোধ তুলে নেওয়া হয়েছে,” বলেন তিনি। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা ছাড়াও বাস মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি সারোয়ার হোসেন জানান, এবছর ৩ মে একবার টোল বাড়ানো হয়েছিল। “তিন মাসের ব্যবধানে আবার টোল বৃদ্ধি করা হলো, যা অস্বাভাবিক,” বলেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আব্দুস সোবহান জানান, অর্থ মন্ত্রণালয় ও যোগাযোগ মন্ত্রণালয় নতুন টোল হার আদায় কর্মসূচি গ্রহণ করায় ২২ জুলাই টোল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬১৬ ঘ.