ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওমান ও মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে বুধবার এ চুক্তির মেয়াদ বাড়ানো হয়। এছাড়াও প্রশাসনের সাতজন উপসচিব ও দুইজন জ্যেষ্ঠ সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তার পদেও রদবদল করা হয়েছে।
ওমানের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নুরুল আলম চৌধুরীর চুক্তির মেয়াদ বেড়েছে তিন মাসের জন্য। বুধবার (১ অগাস্ট) থেকে এ মেয়াদ বাড়ানোর আদেশ কার্যকর হবে।
মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োজিত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অনুপ কুমার চাকমার চুক্তির মেয়াদ বেড়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। এর আগে গত ৮ মার্চ আরো একবার তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।
উপসচিবদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত রাশেদুল হাসানকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপ-পরিচালক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে বদলির আদেশ পাওয়া কাজী ফায়জুর রহমানকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব জাহাঙ্গীর হোসেনকে বাধ্যতামূলক প্রাখমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের উপপরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মনিরুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে মৈত্রী শিল্প সংস্থার পরিচালক (ব্যবস্থাপনা ও বিপনণ) পদে দায়িত্ব পালনের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত এবং একই মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম খানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নাসিমা মহসিনকে ভূমি মন্ত্রণালয়ে বদলি এবং সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের উপপরিচালক সফিকুল আহম্মদকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।
সিলেট ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসার (সিনিয়র সহকারী সচিব) জাকারিয়াকে বিনিয়োগ বোর্ডের সিলেট বিভাগীয় উপ-পরিচালক এবং প্রাইভেটাইজেশন কমিশনের সহকারী পরিচালক সালেহা বিনতে সিরাজকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব পদে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রনালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৭১৩ ঘ.
bdnews24