বগুড়া, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ছাত্র শিবিরের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করায় বগুড়ায় জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- আইয়ুব হোসেন, ফিরোজ, আজগর আলী, আব্দুর রউফ, হান্নান, শামিম, হামিদ, হাকিম, বিপ্লব ও সুলতান।
মঙ্গলবার রাতে শহরের নবাববাড়ি রোডে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয় ঘেরাও করে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) মকবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ফারুক হত্যা মামলায় জামায়াতের শীর্ষ নেতাদের নামে পুলিশ অভিযোগপত্র দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে ইয়াকুবিয়া স্কুলের মোড় থেকে ছাত্র শিবির একটি মিছিল বের করে।
পুলিশ মিছিলটিকে ধাওয়া দিলে শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেট নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
পরে রাত ৮টায় পুলিশ জেলা জামায়াত কার্যালয় ঘেরাও করে তাদের আটক করে বলে জানান এএসপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২১৮ ঘ.
bdnews24