নারায়ণগঞ্জ, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি তৈরি পোশাক কারখানায় ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে শ্রমিকরা।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে তারাবোর সিকদার অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা খাদুন এলাকায় সড়ক অবরোধ করলে আধাঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
ওই কারখানাটিতে প্রায় আটশ’ শ্রমিক কাজ করেন। সকালে শ্রমিকরা কাজেও যোগ দেয়।
সাবিনা, গোলসান আরা, মনিরা, মালাসহ কয়েকজন শ্রমিক জানান, দুপুর ১টার দিকে হঠাৎ করেই কারখানার সুইং সেকশনের তিন শতাধিক শ্রমিককে ছাঁটাইয়ের নোটিস দেয় কারখানা কর্তৃপক্ষ। নোটিস পাওয়ার পরই শ্রমিকরা রাস্তায় নেমে আসে।
ঈদের আগে ছাঁটাইয়ের কারণে ভোগান্তির মধ্যে পড়তে হবে বলে জানান শ্রমিকরা।
দুপুর দেড়টার দিকে কয়েকশ ঢাকা-সিলেট মহাসড়কে নেমে বিক্ষোভ করতে থাকে। এসময় সড়কের উভয়দিকে ব্যাপক যানজট তৈরি হয় বলে জানান রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান।
তিনি জানান, দুপুর ২টায় পুলিশ বিষয়টির সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। মালিকের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধানের চেষ্টা চলছে।
এ ব্যাপারে বার বার চেষ্টা করেও কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১১৫ ঘ.
bdnews24