চট্টগ্রাম, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলার দশম সাক্ষী সার্জেন্ট হেলাল উদ্দিনকে দেড়ঘণ্টা জেরা করেছেন আসামিপক্ষের দুই আইনজীবী।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে আসামি এনএসআইয়ের সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেনের দুই আইনজীবী সাক্ষীকে জেরা করেন।
জেরা অসমাপ্ত রেখে বিচারক আগামী ২৭ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন। ওইদিন হেলালকে আসামিপক্ষের আইনজীবীরা পুনরায় জেরা করবেন।
লিয়াকত হোসেনের আইনজীবী মোহাম্মদ আহসান হেলালকে প্রশ্ন করেন, “আপনাকে সিআইডি অফিসে নিয়ে মেজর লিয়াকতের ছবি, ভিডিও ফুটেজসহ অন্যান্য বিষয় দিয়ে বলা হয়েছিল, ওই লোকটাকে আবুল হোসেন বলে সনাক্ত করুন।”
“সত্য নয়,” জবাবে বলেন হেলালউদ্দিন।
আইনজীবী বলেন, মেজর লিয়াকত ও আবুল হোসেন কখনো এক ব্যক্তি নয়, হতে পারে না।
হেলাল সোমবার সাক্ষ্যে বলেছিলেন, ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র খালাসের সময়ে উলফানেতা আবুল হোসেন পরিচয়ে এনএসআই’র সাবেক কর্মকর্তা লিয়াকত হোসেন সিইউএফএল জেটিঘাটে ছিলেন।
এরপর লিয়াকতের অন্য আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ সাক্ষী হেলালকে জেরা করেন।
তার এক প্রশ্নের জবাবে হেলাল জানান, অস্ত্র দেখতে সিইউএফএল জেটিঘাটে প্রথম যাওয়া ব্যক্তিদের মধ্যে তিন নম্বর ব্যক্তি ছিলেন তিনি।
এক প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি জানান, অস্ত্র আটকের ঘটনার পরে জব্দকৃত ট্রলারের ইঞ্জিনের নম্বর দেখতে গিয়ে ইঞ্জিনের নিচে দুটি অস্ত্র পাওয়া যায়।
“দুই মাঝি ও পুলিশের এক কনস্টেবল এই অস্ত্র দেখতে পায়। পরে পতেঙ্গা থানার তৎকালীন এসআই মজিদ অস্ত্র দুটি জব্দ করেন,” বলেন হেলাল।
সোমবার হেলাল বলেছিলেন, ঘটনাস্থল থেকে আটক পাঁচ ব্যক্তিকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের নির্দেশে ছেড়ে দেওয়া হয়।
হেলাল ঘটনার সময় সিইউএফএল সংলগ্ন কয়লার ডিপো পুলিশ ফাঁড়ির সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মামলার আসামি সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১০ জনকে আদালতে হাজির করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এমআই/১৮৩৬ ঘ.
bdnews24