২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ইটভাটায় সংঘর্ষে আহত ১০

সিলেটে ইট ভাটার দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 11:47 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

সিলেট, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে ইট ভাটার দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে শহরতলীর বাদাঘাটে সুরমা ভ্যালি ব্রিকস কোম্পানির একটি ভাটায় এই সংঘর্ষ হয়। সুরমা ভ্যালি ব্রিকস কোম্পানির মালিক ফজলুল বারী শাহনাজের সঙ্গে টুকের বাজার ইউনিয়ন পরিষদ সদস্য হাফিজউদ্দিনের বিরোধ থেকে এই সংঘর্ষ বাঁধে বলে পুলিশ জানিয়েছে। জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল আহমদ জানান, “ইটভাটার ভেতরে পুকরের জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে।” ফজলুল সাংবাদিকদের বলেন, সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম খানের কাছ থেকে ইটভাটা ও মাছের খামারসহ ৩৮ কেদার জমি কেনেন তিনি। তবে হাফিজ উদ্দিন ২৬ শতক জমির মালিকানা দাবি করে ভূমি অফিসে আপত্তি দাখিল করেন। যা খারিজ হয়ে গেলেও মানছেন না হাফিজ। “দুপুরে হাফিজ উদ্দিন ও তার লোকজন ইটভাটায় হামলা চালিয়ে অফিস থেকে সাড়ে ৫ লাখ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়। এ সময় ইটভাটার পাঁচ কর্মচারী আহত হয়,” বলেন তিনি। হাফিজ বলেন, “আমার মা ও খালার ২৬ শতক জায়গা শাহনাজ ও তার লোকজন দখল করে রেখেছেন। ওই জায়গায় গেলে শাহনাজের লোকজন হামলা চালায়। এতে আমার পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে।” আহতদের মধ্যে দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭৪০ ঘ.