২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ভাঙন: ফেরি বন্ধ চাঁদপুর-শরীয়তপুর রুটে

মেঘনার ভাঙনে ঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 11:26 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

চাঁদপুর, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনার ভাঙনে ঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার দুপুর থেকে চাঁদপুরের হরিণা ফেরিঘাট অচল। হঠাৎ পারাপার বন্ধ হয়ে যাওয়ায় নদীর উভয় পাশে অর্ধশত যানবাহন আটকা পড়ে। হরিণা ফেরিঘাটের জরাজীর্ণ পল্টুন ওয়ার্কশপটি দুপুরে নদীতে ডুবে যায়। ভাঙন আতঙ্কে এলাকার ব্যবসায়ীরা ঘাটের পাশ থেকে তাদের দোকানপাট সরিয়ে নিচ্ছে। ফেরিঘাট মেরামতে কাজ চললেও কখন নাগাদ তা সচল হবে তা বলতে পারেননি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের উপ-পরিচালক মো. আবদুর রহিম। তিনি সাংবাদিকদের বলেন, “অব্যাহত নদীভাঙনের কারণে হরিণা ফেরিঘাট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরিঘাট চালু করার জন্য চেষ্টা করা হচ্ছে।” চলতি মৌসুমে ভাঙনের কারণে বেশ কয়েকবার ফেরিঘাট স্থানান্তর হলেও অব্যাহত ভাঙনের কারণে এর অবস্থান স্থায়ী হচ্ছে না। ভাঙন রোধে দীর্ঘদিন থেকে স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির কাছে দাবি জানিয়ে আসছে এলাকাবাসী। কিন্তু তাতেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ রয়েছে তাদের। ফেরিঘাট এলাকার রুহুল আমিন, কাদের ও হাফিজসহ বেশ কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রী ও সরকারি বিভিন্ন দপ্তরের লোকজন বেশ কয়েকবার ভাঙনস্থল পরিদর্শন করলেও কোনো কাজ হয়নি। স্থানীয় ব্যবসায়ী হারুন দাবি করেন, মঙ্গলবার হরিণা ফেরিঘাট সংলগ্ন নদীতীরের অন্তত ৪ কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দেয়। ব্যবসায়ীরা তাদের দোকানপাট সরিয়ে নিচ্ছে। এই ভাঙন ঠেকাতে পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জীবন কৃষ্ণ দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেঘনার ভাঙন থেকে হরিণা ফেরিঘাটসহ আশপাশের ৭শ’ মিটার এলাকা রক্ষার জন্য ৩৫ কোটি টাকার একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৭১৮ ঘ.