ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেগুনবাড়ি খাল ও হাতিরঝিলের উন্নয়ন শেষে আগামী ১৫ ডিসেম্বর এলাকাটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।
মঙ্গলবার প্রকল্প এলাকা ঘুরে এসে নিজের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “কাজের সন্তোষজনক অগ্রগতি হয়েছে। আগামী ১৫ ডিসেম্বরই হাতিরঝিল প্রকল্প এলাকা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন তা উদ্বোধন করবেন।”
১৫ ডিসেম্বর রাতে সেখানে ‘বিজয় উৎসব’ পালন করা হবে বলেও প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী বলেন, “সেদিন সেখানে নারী-পুরুষ, তরুণ-তরুণীরা সঙ্গীতের আয়োয়োজন ও নাচ-গান করবে। সেখানে এক নয়নাভিরাম ও অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হবে।”
বেগুনবাড়ি খাল ও হাতিরঝিল এলাকা সমন্বিত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, সন্তোষজনকভাবে কাজ এগিয়ে চলছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে।
প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে খাল সংলগ্ন এলাকার সড়ক নির্মাণ হয়েছে। পিচ ঢালাইয়ের কাজও শিগগিরই শেষ হবে। বর্তমানে সড়কের ধারে ঘাস ও খেঁজুর গাছ লাগানো হচ্ছে। সেতুগুলো নির্মাণের কাজ শেষের দিকে। সৌন্দর্যবর্ধনের কাজও শুরু হয়ে গেছে।
“এসব চালু হলে প্যারিসের মতো দৃশ্য বাংলাদেশেই দেখা যাবে”, বলেন মান্নান।
প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, “ঢাকার যানজট নিরসনে কারওয়ান বাজার থেকে রামপুরা পর্যন্ত সড়ক নির্মাণ, শহরের ভেতরে পরিষ্কার পানির জলাধার গড়ে তোলা এবং এলাকার বর্জ্য অপসারণের জন্য এ প্রকল্প হাতে নেওয়া হয়। অনেক আলোচনা করে ‘বলপ্রয়োগ ছাড়াই’ ওই এলাকার অবৈধ দখলদারদের সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। তাদের বিভিন্ন স্থানে পুনর্বাসন করেই কাজের অগ্রগতি নিশ্চিত করা হয়েছে।”
এ প্রকল্পটি উন্মুক্ত করা হলে কারওয়ান বাজার, মগবাজার, মালিবাগ এলাকার মানুষের জন্য রামপুরা যেতে সময় লাগবে ‘মাত্র ১০ মিনিট’। বর্তমানে দেড় ঘণ্টাতেও ওই দূরত্ব পার হওয়া সম্ভব হয় না। ফলে প্রকল্পটি ঢাকার মানুষের জন্য ‘অত্যন্ত কল্যাণকর’ হবে বলেই প্রতিমন্ত্রীর বিশ্বাস।
প্রকল্প পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন পূর্তসচিব খোন্দকার শওকত হোসেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. নুরুল হুদা ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান মেজর জেনারেল হাবিবুর রহমান।
পূর্ত মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, রামপুরা-বাড্ডা সড়কের ওপর প্রকল্প এলাকা থেকে একটি ফ্লাইওভার নির্মাণেরও পরিকল্পনা চলছে। সেক্ষেত্রে প্রকল্পের ব্যয় দুই কোটি টাকা বাড়তে পারে। এ জন্য বাংলাদেশ টেলিভিশনের কিছু জমি সরকার ব্যবহার করবে। ইতোমধ্যে বিটিভি ও পূর্ত মন্ত্রণালয়ের মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়াও শুরু হয়েছে।
রাজধানীর পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, যানজট ও জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্য নিয়ে ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় হাতিরঝিল উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়।
দুই হাজার ১৫২ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের কাজ ২০১০ সালেই শেষ হওয়ার কথা থাকলেও মামলাসহ বিভিন্ন জটিলতায় তা বিলম্বিত হয়।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, সেনাবাহিনীর ১৬ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন, ঢাকা ওয়াসা এবং এলজিইডি যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পে পরামর্শকের দায়িত্ব পালন করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৭২৫ ঘ.
bdnews24