২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এত বড় মানুষ, দল গড়তে ব্যর্থ হলেন কেন?’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিয়ম মানতে গিয়েই গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে বাদ পড়তে হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 07:52 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিয়ম মানতে গিয়েই গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে বাদ পড়তে হয়েছে। তাকে অপসারণের ক্ষেত্রে সরকারের অন্য কোনো অভিসন্ধি ছিল না বলে লন্ডন সফরে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তিনি। সাক্ষাৎকারে সেনাবাহিনীর মদদপুষ্ট বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক দল গঠনের মুহাম্মদ ইউনূসের তৎপরতার প্রসঙ্গও আনেন শেখ হাসিনা। গত ২৬ জুলাই নেওয়া শেখ হাসিনার ওই সাক্ষাৎকার সোমবার বিবিসি প্রচার করা হয়। পশ্চিমা বিশ্বের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইউনূস সরকারের রোষের শিকার বলে পশ্চিমা সংবাদ মাধ্যম মনে করে। সাক্ষাৎকারেও এই অভিযোগটি তোলা হলে তা প্রত্যাখ্যান করেন শেখ হাসিনা। এই প্রসঙ্গে ২০০৭ সালে ইউনূসের রাজনৈতিক দল গঠনের চেষ্টার প্রসঙ্গ ধরে শেখ হাসিনা বলেন, “তখন আমি কারাগারে ছিলাম। তিনি এত বড় মানুষ, তার এত সুযোগ থাকার পরও তিনি তার নিজের দল গঠন করতে পারেননি কেন?” প্রধানমন্ত্রী বলেন, “আমি তাকে গ্রামীণ ব্যাংক থেকে সরাইনি। তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন।” “গ্রামীণ ব্যাংক আইন অনুযায়ী ৬০ বছর পর্যন্ত কোনো ব্যক্তি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে থাকতে পারবেন। ৭০ বছর পার হওয়ার পরেও কী করে তিনি ওই পদে থাকতে পারেন?” বলেন প্রধানমন্ত্রী। এবিষয়ে সরকার ও বাংলাদেশের ব্যাংকের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলায় ইউনূসের হেরে যাওয়ার প্রসঙ্গটিও তুলে ধরেন শেখ হাসিনা। কেন তিনি ইউনূসকে ‘গরিবের রক্তচোষা’ বলে আখ্যা দিয়েছিলেন- সাক্ষাৎকার গ্রহণকারী তা জানতে চাইলে শেখ হাসিনা উল্টো প্রশ্ন ছোড়েন- “আমি তো কোথাও কোনো নাম বলিনি। তাহলে আপনার মনে এই নাম এল কেন?” গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদের হারের দিকটি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “গরিব মানুষের কাছ থেকে ৩০ থেকে ৪৫ শতাংশ সুদ নেওয়া নেওয়া কি নৈতিক? তাহলে গরিব মানুষ নিজের পায়ে দাঁড়াবে কী করে? এটা খুবই লজ্জার।” “কয়টা মানুষ এটার (গ্রামীণ ব্যাংক) কারণে দারিদ্র্য থেকে মুক্ত হতে পেরেছে, তা নিয়ে গবেষণা হওয়া উচিৎ,” বলেন তিনি। দারিদ্র্য দূর করতে বর্তমান সরকার সফলতার সঙ্গে কাজ করছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, গত তিন বছরে বাংলাদেশে দারিদ্র্য ১০ শতাংশ কমেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/এমআই/০১০০ ঘ.