ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের ঋণ চাহিদার ৪০ শতাংশ বাধ্যতামূলকভাবে বাণিজিক ব্যাংকগুলোকে সরবরাহের নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়েছে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
সোমবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এফবিসিসিআই’র বিবৃতিতে বলা হয়, সরকারের ঋণ চাহিদার ৪০ শতাংশ বাণিজ্যিক ব্যাংকগুলোকে পূরণ করতে গেলে ঋণযোগ্য তহবিল কমে যাওয়ায় ব্যাংকগুলো উৎপাদনশীল খাতে চাহিদা অনুযায়ী বিনিয়োগ করতে পারবে না।
“এর ফলে বেসরকারি খাতের উদ্যোগে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রচেষ্টা ব্যাহত হবে এবং কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জনে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না।”
গত ২৪ জুলাই ‘সরকারি সিকিউরিটিজে তফসিলি ব্যাংকগুলোর বিনিয়োগ সুষমকরণ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে সব বাণিজ্যিক ব্যাংককেই ট্রেজারি বিল বা বন্ডের বিপরীতে বাধ্যতামূলকভাবে সরকারকে ঋণ দিতে হবে। সেক্ষেত্রে চাহিদার বিপরীতে ৬০ শতাংশ সরবরাহ করতে হবে প্রাইমারি ডিলার (পিডি) ব্যাংকগুলোকে। বাকী ৪০ শতাংশ দিতে হবে প্রচলিত ধারার ২৫টি নন-পিডি ব্যাংককে।
বিবৃতিতে বলা হয়, এ নির্দেশনার ফলে সদ্য ঘোষিত মূদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন বাধাগ্রস্ত হবে। কারণ, সরকারের ঋণ চাহিদা পূরণ করতে গিয়ে ব্যাংকগুলো তারল্য সংকটে পড়বে এবং বেসরকারি খাতে চাহিদা অনুযায়ী ঋণ সরবরাহ করতে পারবে না।
এতে আরো বলা হয়, সরকারের ব্যাংক ঋণের ৭০ থেকে ৭৫ শতাংশই ৫, ১০ ও ২০ বছরের জন্য দীর্ঘমেয়াদের বন্ডে নেওয়া হচ্ছে।
বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে স্বল্প মেয়াদের আমানত সংগ্রহ করে দীর্ঘ মেয়াদে সরকারকে ঋণ দিতে গেলে তারল্য সংকট প্রকট আকার ধারণ করবে।
এছাড়াও, ট্রেজারী বিল বা বন্ডের সুদের হারের কারণে বাণিজ্যিক ব্যাংকগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এ অবস্থায় জাতীয় স্বার্থে এই সার্কুলার প্রত্যাহারের দাবি জানিয়েছে এফবিসিসিআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএএইচ/এইচএ/২৩৩৮ ঘ.
bdnews24