ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমবায়ভিত্তিক দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘মিল্ক ভিটা’র বিভিন্ন বিভাগে দুর্নীতিতে অসন্তোষ প্রকাশ করেছেন সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
সোমবার মিল্ক ভিটার কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত এক সভায় প্রতিমন্ত্রী প্রতিষ্ঠানটির অপ্রয়োজনীয় জনবল ছাঁটাইয়ের নির্দেশও দেন।
সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে প্রতিমন্ত্রী নানকের সভাপতিত্বে এ সভায় মিল্ক ভিটার মহাব্যবস্থাপক আলতাফ হোসেন প্রতিষ্ঠানের সার্বিক চিত্র তুলে ধরেন।
মিল্ক ভিটার বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “এখানে অনেক অপ্রয়োজনীয় জনবল রয়েছে। এদের বেতন-ভাতা দিতেই প্রতিষ্ঠানের লাভের টাকা ব্যয় হয়ে যায়। এসব কর্মকর্তা ও কর্মচারীর অনেকেই দুর্নীতির সঙ্গে জড়িত। এদের ছাঁটাই করে প্রতিষ্ঠানের আর্থিক অপচয় বন্ধ করতে হবে।”
“মিল্ক ভিটার কারিগরি বিভাগে দুর্নীতি রয়েছে। রয়েছে পলিথিন কেনার ক্ষেত্রেও। এ কারণে সিদ্ধান্ত থাকার পরও পলিথিন কারখানা স্থাপন করা সম্ভব হচ্ছে না। চাহিদা থাকার পরও বাকিতে মিল্ক ভিটার পণ্য বিক্রির ক্ষেত্রেও দুর্নীতি রয়েছে,” বলেন তিনি।
প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের বদলির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ করে প্রতিমন্ত্রী বলেন, দ্রুতই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। মিল্ক ভিটায় দুর্নীতি আর সহ্য করা হবে না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদার ও মিল্ক ভিটার চেয়ারম্যান হাসিব খান তরুণসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২২৫৫ ঘ.
bdnews24