নারায়ণগঞ্জ, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় যৌতুক না পেয়ে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার ছোট বিনাইরচর গ্রামের গৃহবধূ মারিয়া আক্তার চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান। সোমবার তার স্বামী-ভাসুর ও গ্রামের মাতব্বরসহ ছয় জনকে গ্রেপ্তার করে পুলিশ।
মারিয়া (৩০) ছোট বিনাইরচর গ্রামের ইসমাইলের মেয়ে। পাঁচ বছর আগে একই গ্রামের ফজর আলীর ছেলে সোলায়মানের সঙ্গে তার বিয়ে হয়। যৌতুক না দেওয়ায় গত ২০ জুলাই স্বামীর বাড়ির লোকজন তার গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ মারিয়ার পরিবারের সদস্যদের।
আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২০ জুলাই থেকেই মারিয়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকালে তিনি মারা যান।
পরে রোববার রাতে মারিয়ার বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
সোমবার দুপুরে ছোট বিনাইরচর এলাকা থেকে মারিয়ার স্বামী সোলায়মান, ভাসুর আজহার, গ্রাম্য মাতব্বর সাত্তার, মোখলেছ, সিরাজুল ও আজিজকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।
মারিয়ার বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিয়ের পর থেকেই তার মেয়ে শ্বশুর বাড়িতে নির্যাতনের শিকার হয়। যৌতুক না দেওয়ায় গত ২০ জুলাই তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
মারিয়া মারা যাওয়ার পর শ্বশুরবাড়ি ও গ্রাম্য মাতব্বররা বিষয়টি মীমাংসার জন্য চাপ দিতে থাকে এবং পুলিশকে না জানিয়েই মারিয়াকে দাফন করে বলে অভিযোগ করেন ইসমাইল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৯৫৮ ঘ.
bdnews24