২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালের রানওয়ে মেরামত কাজ পেছাল

হযজযাত্রীদের ভোগান্তি এড়াতে রানওয়ে মেরামতের কাজ এক মাস পিছিয়ে আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 01:11 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজযাত্রীদের ভোগান্তি এড়াতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সংস্কার কাজ এক মাস পেছানো হয়েছে। সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের পরিচালক উইং কমান্ডার এস এম নাজমুল আনাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ১ ডিসেম্বর থেকে ৩০ মে পর্যন্ত এ সংস্কার কাজ চলবে। সংস্কার কাজ চলাকালীন প্রতিদিন রাত ১১টা (গ্রিনিচ মান সময় বিকাল ৫টা) থেকে সকাল ৮টা (গ্রিনিচ মান সময় রাত ২টা) পর্যন্ত রানওয়েতে বিমান ওঠানামা বন্ধ থাকবে। এর আগে গত ১৫ জুলাই নাজমুল আনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, নভেম্বরের প্রথম দিনই রানওয়ে সংস্কার কাজ শুরু হবে। চলবে আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত। বেবিচকের বিজ্ঞপ্তিতে বলা হয়, হজযাত্রীদের যেন অসুবিধায় না পড়তে হয় এ কারণে রানওয়ে সংস্কার কাজ এক মাসের জন্য স্থগিত রাখা হয়েছে। নতুন সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ঘরোয়া এবং আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে শিডিউল পুনঃনির্ধারণ করতে অনুরোধ জানিয়েছে বেবিচক। এ দিকে রানওয়ে সংস্কার শুরুর আগে ১ অগাস্ট শুরু হচ্ছে বিমানবন্দরের আধুনিকায়নের কাজ। ডেনমার্ক সরকারের আর্থিক সহযোগিতায় ৫৩০ কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে আন্তর্জাতিক ‘ইকাও’ মানদণ্ডে শাহজালাল বিমানবন্দরের অবস্থান ক্যাটাগরি-১ থেকে ক্যাটাগরি-২ এ উন্নীত হবে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/এমআই/১৮৪১ ঘ.