রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় জামায়াতে ইসলামীর তিন শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ১১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
হত্যাকা-ের প্রায় আড়াই বছর পর মামলার তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার ওসি জিল্লুর রহমান সোমবার মুখ্য বিচারিক হাকিম আদালতে ১২৬৯ পৃষ্ঠার এই অভিযোগপত্র জমা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হত্যাকা- ও পুলিশের ওপর হামলা ও বিষ্ফোরণের অভিযোগে দুই মামলায় ১১০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সবাই হত্যা মামলার আসামি, আর বি®েফারণ মামলায় আসামি করা হয়েছে দুজনকে।”
হত্যা মামলার অভিযোগপত্রে প্রধান আসামি করা হয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের তখনকার সভাপতি শামসুল আলম গোলাপকে।
এছাড়া জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীর নামও অভিযুক্তদের তালিকায় রয়েছে বলে তদন্ত কর্মকর্তা জানান।
২০১০ সালের ৮ ফেব্রুয়ারি রাতে ইসলামী ছাত্রশিবির কর্মীদের হামলায় গণিত বিভাগের শেষ বর্ষের ছাত্র ফারুক হোসেন নিহত হন। শিবির কর্মীরা চার ছাত্রলীগ নেতাকর্মীর হাত ও পায়ের রগ কেটে দেয়। রাতভর সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়।
এ ঘটনায় মতিহার থানায় ১৪টি মামলা দায়ের হয়। এর মধ্যে ফারুক হত্যা মামলায় আসামি করা হয় ৩৫ জনকে।
তদন্ত ঠিকপথে না হওয়ায় এ মামলায় মোট চার দফা তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়। রাজপাড়া থানার ওসি জিল্লুর রহমান গত মার্চে তদন্তের দায়িত্ব নেন।
এজাহারের ৩৫ আসামির মধ্যে ২৫ জন উচ্চ আদালতের জামিনে রয়েছেন। একজন মারা গেছেন এবং চারজন পলাতক রয়েছেন। বাকিরা রয়েছেন কারাগারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৫৪৫ ঘ.
bdnews24