ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত করার জন্য নয়া দিল্লির সঙ্গে আলোচনা করতে ঢাকা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস।
সাম্প্রতিক দিল্লি সফরের বিষয়ে রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্র সচিব বলেন, “ভারত চুক্তি সই করতে চায় এবং এর খসড়া বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে।”
গত ২৪ জুলাই ভারতে পররাষ্ট্র সচিব পর্যায়ের ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
তিস্তা চুক্তি
মিজারুল কায়েস বলেন, তিস্তা সমস্যা সমাধানে অভ্যন্তরীণ আলোচনা শেষ করার জন্য বাংলাদেশ ভারতকে সময় দিতে প্রস্তুত। তিস্তার পানি বণ্টন চুক্তি দ্রুত সম্পন্ন করতে ঢাকা নয়া দিল্লিকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করতে বলেছে।
তিস্তা চুক্তিকে বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, “আমি স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ তিস্তা চুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে প্রধান বিষয় হিসেবে উত্থাপন করেছি। যত দ্রুত বিষয়টি সমাধান হবে তত দ্রুত এর প্রভাব পড়বে।”
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তির মুখে গত বছর সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তার পানি বণ্টন চুক্তি সই ভেস্তে যায়।
অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন
সচিব বলেন, দুদেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে আলোচিত বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের বিষয়ে দুই দেশই সম্মত হয়েছে।
“শীর্ষ বৈঠকগুলোতে স্থল সীমান্ত চুক্তি, তিস্তা চুক্তি, বাণিজ্য সহায়তা, আঞ্চলিক যোগাযোগ এবং আরো অনেক বিষয় বাস্তবায়নের বিষয়ে সরকার প্রধানদের মধ্যে ঐকমত্য হয়। এসব বিষয়ই অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়িত হবে।”
আওয়ামী লীগ সরকারের আমলে দুদেশের মধ্যে দুবার শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
টিপাইমুখ বাঁধ ইস্যু
কায়েস জানান, ভারতের পানিসম্পদ মন্ত্রী ধ্রুব বিজয় সিংহের সঙ্গে তার বৈঠক হয়েছে। আগামী ২৭-২৮ অগাস্ট টিপাইমুখ বহুমুখী বাঁধ প্রকল্প বিষয়ে যৌথ বিশেষজ্ঞ গ্রুপের প্রথম বৈঠক ঠিক করা হয়েছে।
বাংলাদেশে বাঁধের প্রভাবসহ প্রকল্পের সব দিক নিয়ে গবেষণা করবেন বিশেষজ্ঞরা।
তিনি বলেন, “এবিষয়ে ভারতের বিদেশ সচিব রঞ্জন মাথাইয়ের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।”
বিশেষজ্ঞরা বলছেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে উজান থেকে সুরমা ও কুশিয়ারাসহ সিলেট অঞ্চলের অন্যান্য নদীর পানি সরিয়ে নেওয়া হবে এবং এতে ফসল ও জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হওয়াসহ পুরো সিলেট অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে।
স্থল সীমান্ত চুক্তি
মিজারুল কায়েস জানান, ১৯৭৪ সালের স্থল সীমান্ত চুক্তি ও এর প্রটোকলের পূর্ণ বাস্তবায়নের জন্য ভারতের দিক থেকে সব আইনি প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন করতে বাংলাদেশের পক্ষ থেকে তাগাদা দেওয়া হয়েছে।
সীমানা নির্ধারণ সংক্রান্ত সমস্যা সমাধানে ১৯৭৪ সালে বাংলাদেশ ও ভারত স্থল সীমান্ত চুক্তিতে সই করে। পরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় এ চুক্তি বাস্তবায়নের জন্য দুদেশ একটি প্রটোকলেও সই করে। চুক্তি অনুযায়ী, দুদেশ এটাকে অনুসমর্থন করার আগ পর্যন্ত এ চুক্তি কার্যকর হবে না। বাংলাদেশ ১৯৭৪ সালে চুক্তি অনুসমর্থন করলেও ভারত এখনো করেনি।
চুক্তির অধীনে ছিটমহলের সংখ্যা নির্ধারণ ও দুর্গম স্থান নির্ণয়ের কাজ সম্পন্ন হয়েছে। ভারত এই চুক্তি অনুসমর্থন করার পর স্থল সীমানা চিহ্নিত করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এএল/২৩২১ ঘ.
bdnews24