বান্দরবান, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে বান্দরবানের আলীকদম উপজেলায় একটি বিদ্যালয় ভবন নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
এলজিইডির চট্টগ্রাম বিভাগের প্রধান প্রকৌশলীর নির্দেশে আলীকদমের রেংপুং হেডম্যান পাড়া রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে বলে জানান এলজিইডির আলীকদম উপজেলার প্রকৌশলী সজল কৃঞ্চ দেব।
রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, স্কুল পরিচালনা কমিটি ও স্থানীয় লোকজন ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্কুল নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ করায় গত বৃহস্পতিবার এলজিইডির বিভাগীয় প্রধান প্রকৌশলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সরেজমিনে কাজ পরিদর্শন করেন।
“অভিযোগের সত্যতা পেয়ে প্রধান প্রকৌশলী স্কুল ভবন নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।”
ফরহাদ কন্সট্রাকশন নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান ওই বিদ্যালয় ভবন নির্মাণ কাজ করছিল বলে জানান তিনি।
সজল কৃষ্ণ দেব জানান, দ্বিতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-২) অর্থায়নে ওই স্কুল ভবন নির্মাণে প্রায় ২৯ লাখ টাকা ব্যয় ধরা হয়। এর মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা রানিং বিল দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএইচ/২২১৩ ঘ.
bdnews24