চট্টগ্রাম, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আনোয়ারা তালসরা দরবার শরীফের টাকা লুটের ঘটনায় র্যাব-৭ এর সাবেক অধিনায়ক জুলফিকার আলী মজুমদারসহ সাতজনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণের শুনানির তারিখ দিয়েছে আদালত।
রোববার চট্টগ্রাম জেলা মুখ্য বিচারিক হাকিম আদালতে ২৮ অগাস্ট শুনানির ধার্য করা হয়।
চট্টগ্রাম জেলা আদালত পরিদর্শক অনু মং মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতে অভিযোগপত্র জমাদানের পর তা গ্রহণের ওপর শুনানির জন্য আগামী ২৮ অগাস্ট দিন নির্ধারণ হয়েছে।”
গত বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সামাদ সংশ্লিষ্ট থানার জিআরও’র কাছে অভিযোগপত্র জমা দিয়েছিলেন।
এতে সাবেক অধিনায়ক লে. কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) জুলফিকার আলী মজুমদারসহ চার র্যাব কর্মকর্তা ও তিনজন র্যাবের সোর্স রয়েছেন।
প্রাথমিক তদন্তে অপর ছয়জনের বিরুদ্ধে কোন প্রমাণ না মেলায় তাদের অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়। এতে সাক্ষী রাখা হয়েছে ৪২ জনকে।
২০১১ সালের ৪ নভেম্বর আনোয়ারার তালসরা দরবার শরিফে অভিযান চালানোর নামে সেখান থেকে দুই কোটি সাত হাজার টাকা লুটের অভিযোগে গত ১৩ মার্চ র্যাবের ১২ সদস্যের নামে একটি মামলা হয়।
আনোয়ারা থানার ওই মামলায় র্যাব-৭ এর সাবেক অধিনায়ক জুলফিকার আলীকে করা হয় প্রধান আসামি।
তালসরা দরবার শরিফের পীরের গাড়িচালক মো. ইদ্রিস বাদি হয়ে এ মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২১২৭ ঘ.
bdnews24