২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতব্যাগে বোমা: গ্রেপ্তারকৃত ৩ জন রিমান্ডে

রাজধানীর আগারগাঁওয়ে হাতব্যাগে থাকা বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তারকৃত তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 02:06 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আগারগাঁওয়ে হাতব্যাগে থাকা বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তারকৃত তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। শনিবার রাতে মিরপুরের কাজীপাড়া ও ভাষানটেকের মাটিকাটা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- সোহরাব হোসেন উজ্জ্বল (২৭), খন্দকার এনামুল হক মিতুল (২৭) ও এস এম আবু হোসেইন সারওয়ার (৩২)। রোববার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে সময় চাইলে বিচারক হারুর-অর-রশীদ চারদিন মঞ্জুর করেন। এদিকে রোববার পুলিশের এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ওই তিন জন বোমা তৈরির কাজে জড়িত ছিল। এদের মধ্যে গাড়ি সারাইখানার কর্মী সারওয়ার বোমাটি তৈরি করেন বলে পুলিশ জানিয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, তাদের বাড়ি থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জামও পাওয়া গেছে। গত ১৭ জুলাই বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নারী কর্মী আয়েশা সিদ্দীকা তার হাতব্যাগে রাখা বোমা বিস্ফোরণে আহত হন। এক সহকর্মী মোড়কে ভরে বোমাটি তার ব্যাগে দিয়েছিলেন। পুলিশ ওই দিনই আয়েশার সহকর্মী জুবায়ের আহমেদকে গ্রেপ্তার করেছে। এছাড়া পরে গ্রেপ্তার করা হয় নুরুল ইসলাম নামের আরেক ব্যক্তিকে। সারওয়ার সাংবাদিকদের বলেন, বিশ হাজার টাকার বিনিময়ে তিনি বোমাটি তৈরি করে দিয়েছিলেন। খন্দকার এনামুল হক মিতুল বলেন, “বোমাটি জোবায়ের আহমেদ তার সহকর্র্মী আয়শার হাতে দিয়ে ফোনে আমাকে জানায়। এরপর আমি ওই বোমার সঙ্গে সংযুক্ত মোবাইল ফোনে ফোন করলে বিস্ফোরণ ঘটে।” ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মশিউর রহমান বলেন, তিন লাখ টাকার বিনিময়ে আয়েশাকে হত্যা করার পরিকল্পনা করে জোবায়ের। নুরুল ইসলামের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে উজ্জল, মিতুল ও সারওয়ারের সঙ্গে পরিচয় হয় জোবায়েরের। মিতুল এ চক্রের নেতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেটি/আরএ/এএল/২০০৩ ঘ.