২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে অতিরিক্ত ভাড়া না নেওয়ার প্রতিশ্রুতি লঞ্চ মালিকদের

ঈদকে কেন্দ্র করে যাত্রীদের থেকে সরকারের অনুমোদিত ভাড়ার অতিরিক্ত অর্থ না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নৌযান মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 09:00 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদকে কেন্দ্র করে যাত্রীদের থেকে সরকারের অনুমোদিত ভাড়ার অতিরিক্ত অর্থ না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নৌযান মালিকরা। সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে রোববার অনুষ্ঠিত ‘ঈদুল ফিতর উপলক্ষে সুষ্ঠু ও নিরাপদ নৌপরিবহন ব্যবস্থাপনা’ সংক্রান্ত এক সভায় নৌযান মালিক সমিতির নেতারা এ প্রতিশ্রুতি দেন। বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেন, “নৌযান মালিকরা ঈদকে কেন্দ্র করে সরকার নির্ধারিত ভাড়াই আদায় করার ঘোষণা দিয়েছেন। তারা এবার কোনো অতিরিক্ত ভাড়া আদায় করবেন না বলে জানিয়েছেন।” কোনো মালিক লঞ্চ বা অন্য কোনো নৌযানে অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী জানান। সভায় ঈদকে সামনে রেখে নৌঘাট ও নৌপথে চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ সুপারদের (এসপি) নেতৃত্বে কমিটি গঠন করা হয়। এ ছাড়াও সভায় ঈদকে কেন্দ্র করে ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধে সমুদ্র পরিবহন অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। নৌমন্ত্রী জানান, নৌপথে ঢাকার প্রবেশপথ সদরঘাট এলাকার যানজট এড়াতে সেখানকার প্রত্যেকটি রাস্তায় একমুখী যান চলাচলের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের সময় জরুরি পণ্যপরিবহনে নিয়োজিত ট্রাক ছাড়া অন্য কোনো ট্রাক নৌঘাটগুলো দিয়ে চলতে দেওয়া হবে না বলেও জানান তিনি। শাজাহান খান বলেন, এবার সরকারের নিজস্ব সব নৌযানই সচল থাকবে। থাকবে বিশেষ নৌ-তদারকি দলও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৫০৪ ঘ.