সিরাজগঞ্জ, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই চালকসহ তিনজন নিহত হয়েছে।
রোববার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের মূলিবাড়ি মোড়ে ও কড্ডা মোড়ে দুর্ঘটনা দু‘টি ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশা চালক সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাইঝাইল গ্রামের জতিন্দ্র নাথের ছেলে বিজয় সরকার (৩৮), যাত্রী সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের আবু হানিফের ছেলে আরিফুল ইসলাম (২৪) ও পিকআপ ভ্যানের চালক টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা বাড়–ই দক্ষিণপাড়া গ্রামের নওজেশ আলীর ছেলে মামুন মিয়া (৩৩)।
উভয় দুর্ঘটনায় আহত ৭ জনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি মেহেদী হাসান জানান, রোববার ভোরে ঢাকাগামী একটি ট্রাক বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের মূলিবাড়ি মোড়ে একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক বিজয় এবং হাসপাতালে নেওয়ার পথে এর যাত্রী আরিফুল মারা যান।
এদিকে, একই সময়ে একই মহাসড়কের কড্ডা মোড়ে মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক মামুনের মৃত্যু হয়।
দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করে থানায় রাখা হয়েছে।
নিহতদের মধ্যে দুই চালকের লাশ থানা হেফাজতে ও যাত্রীর লাশ হাসপাতাল মর্গে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৩২ ঘ.
bdnews24