২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুমন্ত অবস্থায় বস্তাচাপায় নিহত ৫ শ্রমিক

নারায়ণগঞ্জ সদর উপজেলায় নির্মাণাধীন একটি বিনোদন পার্কের গুদামে ঘুমিয়ে থাকা ৫ শ্রমিক সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে মারা গেছেন। এর দুজন বাবা-ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 04:54 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

নারায়ণগঞ্জ, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় নির্মাণাধীন একটি বিনোদন পার্কের গুদামে ঘুমিয়ে থাকা ৫ শ্রমিক সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে মারা গেছেন। এর দুজন বাবা-ছেলে। রোববার সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত আর কে গ্রুপের নির্মাণাধীন আর কে গ্রিনল্যান্ড পার্ক থেকে লাশগুলো উদ্ধার করা হয় বলে পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানিয়েছেন। পার্কের ভেতরে মালামাল রাখা একটি টিনের ঘরের গুদামে শ্রমিকরা রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিল। কারখানার শ্রমিকদের উদ্ধৃতি দিয়ে পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ৫ শ্রমিককে না পেয়ে সহকর্মীরা খোঁজাখুঁজির এক পর্যায়ে দেখেন, মালামাল রাখার গুদামে সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে রয়েছেন পাঁচ শ্রমিক। নিহতরা হলেন- রাজবাড়ী জেলার রসাল এলাকার আকু মুন্সী (৫০), তার ছেলে রাকিব (২০), ওই এলাকার জাহিদ (২৫), তার ভাগ্নে আছিরউদ্দিন (২০), এবং কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মানারাবাড়ি কুটিপাড়া গ্রামের নাজমুল (২২)। কীভাবে বস্তাগুলো পড়ে গেল, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। ময়না তদন্তের জন্য লাশগুলো ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে সব শ্রমিক কাজে যোগ না দিলেও পাঁচনকে না দেখে তারা খোঁজাখুঁজি শুরু করে। পরে তাদের শোবার স্থান মালামাল রাখার (রড, সিমেন্টসহ অন্য মালামাল রাখার স্থান) টিনের গুদামে গিয়ে দেখেন সেখানে সিমেন্টের বস্তা এলোমেলো হয়ে পড়ে রয়েছে। সিমেন্টের বস্তাগুলো সরাতেই তার নিচে লাশ পাঁচটি পাওয়া যায়। শ্রমিক সরদার ইসহাক হোসেন মোল্লা সাংবাদিকদের জানান, পার্কে ৭০/৮০ জন শ্রমিক কাজ করছেন। তাদের জন্য কয়েকটি টিনশেড ঘর থাকলেও সেখানে জায়গা না হওয়ায় শ্রমিকরা বিচ্ছিন্নভাবে রাত কাটায়। তবে আর কে গ্রীনল্যান্ড পার্কের মালিকানা প্রতিষ্ঠান আর কে গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আবুল হোসেন পাঠান দাবি করেন, শ্রমিকদের জন্য পর্যাপ্ত স্থান রয়েছে। পাঁচজন শ্রমিকের মৃত্যুর ঘটনাটিকে দুর্ঘটনা উল্লেখ করে তিনি দুঃখ প্রকাশ করেন। ৫ শ্রমিক নিহত হওয়ার খবরে সকাল থেকে নির্মাণাধীন ওই পার্কে শত শত মানুষ ভিড় করতে থাকে। রমজানসহ কয়েকজন শ্রমিকের অভিযোগ, সকালে নিখোঁজ শ্রমিকদের খুঁজতে গেলে পাহারাদার নূর আলম তাদের গুদাম ঘরে ঢুকতে বাধা দেন। নূর আলম গুদাম ঘর তালাবন্ধ করতে গেলে শ্রমিকরা তাতে বাধা দেয়। জোর করেই গুদাম খোলা হয়। শ্রমিকদের অভিযোগ, মালিক পক্ষের অবহেলার কারণেই ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা এখানে কাজে যোগ দেওয়ার পর থেকে থাকার জায়গা না থাকায় মালামাল রাখার গুদামে থাকতেন। পাঁচ সহকর্মীর মৃত্যুর জন্য মালিক পক্ষের কাছে ক্ষতিপূরণও দাবি করেছেন শ্রমিকরা। বেসরকারি উদ্যোগে জালকুড়ি এলাকায় ৭০ বিঘা জমির ওপর পার্ক নির্মিত হচ্ছে। পার্কের কাজ প্রায় ২০ শতাংশ শেষ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৭ ঘ.