২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলতেকিনের চোখে জল

সাবেক স্বামীর মৃত্যুর পর প্রথম প্রকাশ্যে এসে চোখের জল লুকিয়ে রাখতে পারেননি গুলতেকিন খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 04:09 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্বামীর মৃত্যুর পর প্রথম প্রকাশ্যে এসে চোখের জল লুকিয়ে রাখতে পারেননি গুলতেকিন খান। শনিবার সন্ধ্যায় সদ্য প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্মরণে এক নাগরিক শোকসভায় এসে পুরো মিলনায়তনকে চমকে দেন গুলতেকিন খান, যার খান নামটি অনুচ্চ থেকেছে অগণিত হুমায়ূন পাঠকের কাছে তিরিশ বছর। বাংলা বইয়ের ইতিহাসের জনপ্রিয়তম লেখকদের একজন হুমায়ূনের লেখায় ছায়ার মতই যেন উঠে আসতেন তিনি, গুলতেকিন আহমেদ নামটি তাই পাঠকদের অতি পরিচিত। হুমায়ূন আহমেদের স্মরণে শাহবাগে জাতীয় গণ গ্রন্থাগারে শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এ সভার আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সভার মাঝামাঝি সময়ে ছেলে নুহাশ হুমায়ূনের হাত ধরে উপস্থিত হন গুলতেকিন। সঙ্গে ছিলেন বড় মেয়ে নোভা আহমেদ, মেজো মেয়ে শীলা আহমেদ ও ছোট মেয়ে বিপাশা আহমেদ। গুলতেকিনের পাশে বসেছিলেন প্রয়াত লেখকের ভাই লেখক মুহাম্মদ জাফর ইকবালের স্ত্রী ইয়াসমিন হক। জাফর ইকবালের স্মৃতিচারণের সময় গুলতেকিনকে কাঁদতে দেখা যায়। অনুষ্ঠানে হুমায়ূনের সঙ্গে নানা স্মৃতির বর্ণনা দেন সাংসদ ও অভিনেতা আসাদুজ্জামান নূর। উপস্থিত ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান, পরিচালক মোরশেদুল ইসলাম, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক প্রমুখ। হুমায়ূন আহমেদের কথা বলতে গিয়ে আসাদুজ্জামান নূর আবেগ ধরে রাখতে পারেননি। আগামী ২০১৩ সালের একুশে বইমেলা হুমায়ূনের নামে উৎসর্গ করার দাবি জানান সৈয়দ শামসুল হক। গত ১৯ জুলাই নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ূন আহমেদ। সোমবার সকালে মরদেহ দেশে নিয়ে আসা হলেও দাফনের স্থান নিয়ে গুলতেকিনের সন্তানদের সঙ্গে বর্তমান স্ত্রী মেহেরুন আফরোজ শাওনের মতবিরোধ দেখা দেয়। পরে শাওনের ইচ্ছা অনুযায়ী মঙ্গলবার নুহাশ পল্লীতে সমাহিত করা হয় হুমায়ূনকে। বৃহস্পতিবার ছোট মেয়ে বিপাশা আহমেদকে নিয়ে দেশে ফেরেন লেখকের সাবেক স্ত্রী। মৃত হুমায়ূনের কোনো অনুষ্ঠানে গুলতেকিন খানের এটিই প্রথম প্রকাশ্য উপস্থিতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএএল/২২০৭