আহসান হাবীব নীলু
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন যোগ দেওয়া কুড়িগ্রামের সিভিল সার্জনকে প্রায় দু’মাসেও দায়িত্ব বুঝিয়ে দেননি ভারপ্রাপ্ত সিভিল সার্জন।
ফলে এ কার্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হচ্ছে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে।
গত ৩১মে কুড়িগ্রামে নতুন সিভিল সার্জন হিসেবে যোগ দেন ডা. খাজা আব্দুল গফুর।
কিন্তু ভারপ্রাপ্ত সিভিল সার্জন কুড়িগ্রাম জেলা বিএমএ সাধারণ সম্পাদক ও জেলা স্বাচিপ’র যুগ্ম-সম্পাদক ডা. লোকমান হাকিম তাকে এখনো দায়িত্ব হস্তান্তর করেননি।
সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আদেশে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মো. রিয়াজুল ইসলাম গত ৩১মে বদলি হয়ে রংপুরের সিভিল সার্জন হিসেবে যোগ দেন। এর আগের দিন (৩০মে) তিনি ডেপুটি সিভিল সার্জন ডা. লোকমান হাকিমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এদিকে একই আদেশে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খাজা আব্দুল গফুরকে কুড়িগ্রামের সিভিল সার্জন হিসেবে বদলি করা হয়।
নতুন সিভিল সার্জন ডা. খাজা আব্দুল গফুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩০মে তিনি ঘোড়াঘাটে দায়িত্ব হস্তান্তর করে কুড়িগ্রাম আসেন। পরদিন (৩১মে) কুড়িগ্রামে সিভিল সার্জন হিসেবে যোগ দেন।
কিন্তু তাকে এখনো দায়িত্ব বুঝিয়ে দেননি ভারপ্রাপ্ত সিভিল সার্জন লোকমান হাকিম। তাই তিনি কর্মহীন বসে সময় কাটাচ্ছেন।
বিষয়টি তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলেও জানান।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. লোকমান হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিভিল সার্জনের বদলির আদেশ রিভিউ হবে বলে আশা করছেন। এজন্য নতুন সিভিল সার্জনকে দায়িত্বভার হস্তান্তর করতে বলা হয়নি।”
স্বাস্থ্য দপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক ডা. শাহাদত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সার্বিক অবস্থা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
ভারপ্রাপ্ত সিভিল সার্জনের আয়-ব্যয় ক্ষমতা না থাকায় কুড়িগ্রামের কর্মচারীদের ভোগান্তির কথা বিবেচনা করে বেতন-ভাতা ও অন্যান্য বিল-ভাউচারে তিনি স্বাক্ষর করছেন বলে জানান।
এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মতি উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি কুড়িগ্রামে নতুন সিভিল সার্জন যোগদানের কথা জানেন। কিন্তু এরপর কী ঘটেছে সে সম্পর্কে কিছু জানেন না। এখন খোঁজ-খবর নেবেন।
সিভিল সার্জনের পদায়নের বিষয়টি সরাসরি মন্ত্রণালয় থেকে করা হয় বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৭ ঘ.
bdnews24