২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ট্যাঙ্কারের অবস্থান শনাক্ত

উদ্ধারকাজ শুরুর পর বৈরী আবহাওয়ার কারণে রোববার পর্যন্ত তা স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 12:07 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

বরিশাল/ভোলা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনায় কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া তেলবাহী ট্যাঙ্কার এমটি মেহেরজানের অবস্থান শনাক্ত হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে রোববার পর্যন্ত। বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন উপ-পরিচালক মো. আলমগীর কবির জানান, উদ্ধারকারী জাহাজ এমভি রুস্তম শনাক্ত হওয়া স্থানে পৌঁছার পর বিকেলে প্রচণ্ড বৃষ্টি শুরু হলে রোববার সকাল পর্যন্ত উদ্ধারকাজ স্থগিত করা হয়। সহযোগিতা করার জন্য নৌ-বাহিনীর একটি দলও সেখানে পৌঁছেছে। সাংবাদিকদের কাছে ট্যাঙ্কারটি উদ্ধারের কৌশল সম্পর্কে তিনি জানান, হামজা ও রুস্তুমের সঙ্গে ট্যাঙ্কারটি বেঁধে দেওয়া হবে। পরে নদীর তলদেশ থেকে অন্তত ৭ থেকে ১০ ফিট ভাসিয়ে তুলে টেনে তীরে নিয়ে আসা হবে। এতে তেল বের হওয়ার আশঙ্কা নেই বলে দাবি করেন আলমগীর কবির। এর আগে সকালে ভোলা ও বরিশালের মেহেন্দিগঞ্জের সীমান্তবর্তী কালিগঞ্জের চর সুলতানী এলাকার কাছাকাছি পানির নিচে ট্যাঙ্কারটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় কর্তৃপক্ষ। ট্যাঙ্কার শনাক্ত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শনকারী ডুবুরি বেল্লাল বলেন, “ঘটনাস্থলে পানির গভীরতা প্রায় একশো ফুট হবে। প্রচণ্ড স্রোতের কারণে ট্যাঙ্কারের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না।” হামজার কমান্ডার রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তেল ছাড়াই জাহাজটির ওজন আড়াইশ থেকে তিনশ টন হবে। আর হামজার উদ্ধারক্ষমতা মাত্র ৬০ টন।” ঘটনাস্থলে তিন প্রতিনিধিদল ঘটনার চারদিন পর বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. সামসুদ্দোহা খন্দকারের নেতৃত্বে সাত সদস্য এবং পানি সংগ্রহে পরিবেশ অধিদপ্তরের তিন সদস্যের অপর একটি দল ঘটনাস্থলে পৌঁছেছেন। বিআইডব্লিউটিএ’র প্রতিনিধি দলে রয়েছেন- বিআইডব্লিউটিএর উপ-সচিব (প্রশাসন) আরিফউদ্দিন, ঊর্ধ্বতন উপ-পরিচালক মো. আলমগীর কবির, নৌ-সংরক্ষণ ও পরিচালনা বিভাগের উর্ধ্বতন উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন, নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আবুল বাশার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মঞ্জুর আলম, নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ কবির এবং যান্ত্রিক ও নৌ-প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল হক। পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদলে নেতৃত্বে রয়েছেন সহকারী পরিচালক আমিরুল ইসলাম। পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেনসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন। বুধবার রাতে ৭ লাখ লিটার পেট্রোল ও ডিজেলসহ তেল বিপণনকারী সংস্থা যমুনার বরিশাল ডিপোতে যাওয়ার সময় গোবিন্দপুরের কালিগঞ্জ এলাকায় ফজলুল হক-৩ নামের একটি কার্গোর ধাক্কায় এমটি মেহেরজান মাঝনদীতে ডুবে যায়। দুর্ঘটনার পরপরই কার্গোটি ফেলে এর মাস্টার ও সুকানি পালিয়ে যায়। দুর্ঘটনার পর থেকে নিজাম উদ্দিন নামে ট্যাঙ্কারের এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৭৫২ ঘ.