ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের প্রকাশনা শিল্পের প্রধান কেন্দ্র রাজধানীর বাংলাবাজারের একটি সড়কের নাম নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের নামে রাখার দাবি জানিয়েছেন লেখক সৈয়দ শামসুল হক।
শনিবার পুরান ঢাকার বাংলাবাজার চত্বরে আয়োজিত এক শোক সভায় তিনি বলেন, “বাংলাবাজারের প্রকাশনার ভিত শক্ত করেছিলেন হুমায়ূন আহমেদ। তাই বাংলাবাজারের একটি সড়ককে ‘হুমায়ূন আহমেদ’ সড়ক করা হোক।”
“প্রজন্ম থেকে প্রজন্ম নতুন নতুন লেখক আসবে, তারা যেন এ রাস্তায় হেঁটে মনে রাখেন যে হুমায়ূন আহমেদ এই বাংলাবাজারকে সজীব রেখেছিলেন তার লেখনির মাধ্যমে”, বলেন শামসুল হক।
তিনি বাংলা একাডেমীর পক্ষ থেকে সিটি কর্পোরেশনের মেয়রের কাছে এ দাবির কথা তুলে ধরার আহ্বান জানান।
হুমায়ূন আহমেদ তার লেখাগুলোর মধ্যেই মানুষের মাঝে বেঁচে থাকবেন বলে মনে করেন শামসুল হক।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে বাংলাবাজারের বিভিন্ন প্রকাশনী সংস্থার প্রতিনিধিরা হুমায়ূন আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করেন।
এর আগে হুমায়ূন আহমেদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
গত ১৯ জুলাই নিউ ইউয়র্কের একটি হাসপাতালে মারা যান ক্যান্সারে আক্রান্ত কথা সাহিত্যিক হুমায়ূন। তার মরদেহ গত সোমবার দেশে আনার পর মঙ্গলবার গাজীপুরের নুহাশ পল্লীতে তাকে সমাহিত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৭৫০ ঘ.
bdnews24